Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলা ব্লকেড: মিছিল-স্লোগানে উত্তাল শাহবাগ

শাহবাগ মোড়ের চারদিক থেকে আসা চারটি রাস্তায় যান চলাচল বন্ধ

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৭:২৯ পিএম

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবি আদায়ে “বাংলা ব্লকেড” কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামন থেকে মিছিল শুরু হয়। এরপর মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে টিএসসি হয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয়।

এরপর শাহবাগ মোড়ের চারদিক থেকে আসা চারটি রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়ে আন্দোলন করছেন কোটা বিরোধী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা।

“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” ব্যানারে শিক্ষার্থীরা “একাত্তরের পথ ধরো, বাংলা ব্লকেড সফল করো”, “কোটা না মেধা, মেধা মেধা” প্রভৃতি বলে স্লোগান দিচ্ছেন।

সড়কে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা। তবে তারা শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দেননি। এদিকে আন্দোলনে বাধা না দিলেও ছাত্রলীগের নেতা-কর্মীরা মধুর ক্যানটিনে জড়ো হয়েছেন।

এর আগে বেলা আড়াইটার পর থেকে শিক্ষার্থীরা ঢাবির গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন৷ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও বিভাগের ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছাত্রছাত্রীরা আসতে থাকেন। বেলা তিনটার আগেই বাজতে বাজতে গ্রন্থাগারের সামনের সড়ক জনসমুদ্রে পরিণত হয়৷

একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস-পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট কর্মসূচিও পালন করছেন কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়া রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করা হচ্ছে৷

আন্দোলনকারী শিক্ষার্থীরা ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের পাশাপাশি আরও তিনটি দাবি জানাচ্ছেন। এগুলো হলো, ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে, সে ক্ষেত্রে সংবিধান অনুযায়ী শুধু অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে; সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটাসুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না ও কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোয় মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে; এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে৷

   

About

Popular Links

x