Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

নাহিদ ও আসিফকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

‘সাদাপোশাকের এক দল ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাদের হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছে’

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১০:২৯ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছেন সাদাপোশাকের এক দল ব্যক্তি। তারা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন।

শুক্রবার (২৬ জুলাই) বিকেল ৪টায় তাদের দুইজনকে তুলে নেওয়া হয়। ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন নাহিদ ইসলামের বাবা বদরুল আলম ও বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী।

বদরুল আলম ঢাকা ট্রিবিউনকে বলেন, “সাদাপোশাকের এক দল ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাদের হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছে। সকাল থেকেই হাসপাতালটি ব্যারিকেড দিয়ে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।”

হাসপাতালের একাধিক চিকিৎসক ও নার্স জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে বিকেল ৪টার দিকে। নাহিদ ও আসিফ গত কয়েকদিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নাহিদ ইসলামের বোন ফাতিমা তাসনীম গণমাধ্যমকে বলেন, “এসে দেখি চারজন ব্যক্তি তাদের ধমকাচ্ছেন ও মারমুখী আচরণ করছেন। তারা থরথর করে কাঁপছিল এবং বলছিল ‘আমরা যাব না’। তারা লুঙ্গি পরা অবস্থায় জোর করে নিয়ে যাচ্ছিলেন। অনুরোধ করলে প্যান্ট পরার সুযোগ দেওয়া হয়।”

এর আগে গত শনিবার ভোরে ঢাকার সবুজবাগের একটি বাসা থেকে নাহিদ ইসলামকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া যায়। বাম উরু ও কাঁধে প্রচণ্ড ব্যথা ও গভীর ক্ষতসহ রবিবার তাকে পাওয়া যায়। আগের দিন শুক্রবার আসিফ মাহমুদকে আইনশৃঙ্খলা বাহিনী অপহরণ করে বলে অভিযোগ ওঠে। পাঁচ দিন পর তাকে পাওয়া যায়। এরপর থেকে তারা দুইজনেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

   

About

Popular Links

x