Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কিস্তির টাকা দিতে না পারায় গরু নিয়ে গেলেন এনজিওকর্মী

ওই এনজিও থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন ভুক্তভোগী কুলসুম বেগম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৯ এএম

ভোলার চরফ্যাশন উপজেলায় কিস্তির টাকা দিতে না পারায় এক অসহায় পরিবারের গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (এনজিও) এক মাঠকর্মীর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ আইচা থানায় ঘটনাটি ঘটে। অভিযুক্তের নাম হাসিনা বেগম। তিনি উপজেলার দক্ষিণ আইচায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার মাঠকর্মী হিসেবে কর্মরত আছেন।

দৌলতপুর গ্রামের কাঞ্চন মিস্ত্রির স্ত্রী কুলসুম বেগম ঢাকা ট্রিবিউনকে জানান, সম্প্রতি তিনি দক্ষিণ আইচা গ্রামীণ জনউন্নয়ন সংস্থা থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। ঋণ নেওয়ার পর সপ্তাহ থেকে ২,৫০০ টাকা করে ১৩ কিস্তি পরিশোধ করেছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে কিস্তি দিতে না পারায় এনজিওর কর্মী হাসিনা ও ম্যানেজার মো. শামীম শনিবার বিকেলে বাড়িতে এসে গোয়ালঘর থেকে একটি গাভী গরু নিয়ে যায়। গরু নিতে নিষেধ করলেও তারা তা শুনেননি। গাভীটির চার মাসের একটি বাছুর রয়েছে।

কুলসুম বলেন, “আমি ক্ষেত-খামারে কাজ করে সংসার চালাই। আমি সমিতির টাকা পরিশোধে সময় চেয়েছি, কিন্তু তারা তা শোনেননি।”

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি) ছালাউদ্দিন মুন্সি বলেন, “এনজিওর টাকা দিতে না পারায় গোয়ালঘর থেকে গরু নেওয়া অমানবিক। তারা এটা করতে পারেন না।”

তদন্ত করে এনজিওটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

গরু নেওয়ার কথা স্বীকার করে সংস্থার মাঠকর্মী হাসিনা বেগম সংবাদকর্মীদের বলেন, “এনজিও থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে কয়েকটি কিস্তি দিয়েছেন। এরপর ঋণ খেলাপি করছেন। সেই টাকা পরিশোধ করতে বারবার বলা সত্যেও টাকা না দেওয়ায় তার একটি গরু নিয়ে এসেছি।”

ম্যানেজার মো. শামীম বলেন, “কিস্তির টাকা পাওনা থাকায় একটি গরু নিয়ে এসেছি।”

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাঈদ আহমেদ বলেন, “এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

   

About

Popular Links

x