ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ভোলা নর্থ-৩ নামের কূপটি থেকে দৈনিক ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রবিবার (১৫ নভেম্বর) সকালে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে কূপটির ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু হয়েছে।
বাপেক্স জানায়, প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের তত্ত্বাবধানে সকাল ৮টা ২০ মিনিটে কূপটির প্রথম ডিএসটি শুরু হয়। কূপটি ৩,৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। এর আগে শনিবার (১৪ নভেম্বর) এর পারফোরেশন সম্পন্ন হয়। ডিএসটির আগে টেস্ট স্ট্রিং ও সারফেস ফ্লোলাইনের চাপ পরীক্ষার ফল সন্তোষজনক ছিল।
প্রকল্পসংশ্লিষ্ট বাপেক্সের এক প্রকৌশলী বলেন, “প্রাথমিক পর্যবেক্ষণে কূপটিতে বড় মজুতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কী পরিমাণ গ্যাস রয়েছে, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। ডিএসটির ফলাফল পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
তিনি আরও বলেন, “ভোলা থেকে পাইপলাইন স্থাপন করে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা গেলে দেশের গ্যাসসংকট অনেকটাই কমে আসবে।”
ভোলা নর্থ-৩ কূপটি জেলার দশম গ্যাসকূপ। এ নিয়ে ভোলার তিনটি গ্যাসক্ষেত্রে মোট কূপের সংখ্যা দাঁড়ালো ১০টিতে। নতুন কূপটি থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন সম্ভব হলে জাতীয় গ্যাস সরবরাহে ভোলার অবদান আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



