দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার হার্ডলাইনে (কঠোর অবস্থান) যাবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, “অনেক উদ্যোক্তা আছেন, যারা সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য কিনে ঢাকায় বিক্রি করবেন, সরকার তাদের উৎসাহিত করবে।”
মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কী করছে?- এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, “দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার হার্ডলাইনে যাবে। সরকারের কাছে তথ্য আছে, অনেক কর্পোরেট প্রতিষ্ঠান ইচ্ছে করে পণ্যের দাম বাড়াচ্ছে। বিশেষ ক্ষমতা আইনে সরকার তাদের গ্রেপ্তার করবে।”
তিনি বলেন, “বাজারে সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেট ভাঙার কাজ চলছে। বিগত সরকার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরকে দুর্বল করেছে। তিন থেকে পাঁচ হাজার টাকা জরিমানা, এটা কার্যকর নয়।”
আরেক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, “আগের সিন্ডিকেট আওয়ামী লীগ ও ছাত্রলীগ নিয়ন্ত্রণ করত। সিন্ডিকেটের ভেতর ব্যবসায়ীরা বসে ছিলেন। তারা এখনও রয়ে গেছেন।”
টিসিবি নিয়ে তিনি বলেন, “টিসিবির ডিলারশিপ যারা পেয়েছিলেন, তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের। এ কারণে টিসিবির কার্যক্রম স্থবির। টিসিবিকে আবার সক্রিয় করার চেষ্টা চলছে।”
গণমাধ্যম সংস্কার জরুরি উল্লেখ করে তিনি বলেন, “আন্দোলনের সময় টেলিভিশন চ্যানেলগুলো সঠিক চিত্র তুলে ধরেনি। পত্রিকাগুলো সহায়তা করেছে।”
ক্রিকেটার সাকিব আল হাসানের বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, “মামলা হলেও ক্রিকেটার সাকিব আল হাসানের দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই।”



