Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সচিবালয়ে সাংবাদিকসহ দর্শনার্থী প্রবেশে পাসের আবেদন শুরু, যেভাবে করবেন

অস্থায়ী পাস নিয়ে সোমবার থেকে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:০৮ পিএম

সচিবালয়ে প্রবেশে অস্থায়ী স্বল্পমেয়াদি পাসে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুরু হয়েছে অস্থায়ী পাসের জন্য আবেদন গ্রহণ। এদিকে অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সোমবার থেকে সচিবালয়ে ঢুকতে পারবেন বলে জানানো হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) অস্থায়ী পাসের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র সহকারী সচিব এফ এম তৌহিদুল আলম।

তিনি বলেন, “আমাদের অস্থায়ী পাসের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যাদের পাস প্রয়োজন তারা যথাযথ কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডের ফটোকপি, নির্ধারিত আবেদন ফরমসহ সংশ্লিষ্ট যাবতীয় কাগজপত্র জমা দিতে হবে।”

তিনি আরও বলেন, “এসব আবেদন করতে ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ডিএমপি, ১৫ আব্দুল গণি রোড, ঢাকায় আমাদের অস্থায়ী বুথে যোগাযোগ করতে হবে। আবেদন করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেগুলো যাচাই বাছাই করে তিন দিনের মধ্যে আবেদনকারীর ফোন নাম্বারে আবেদনের অবস্থা সম্পর্কে জানাবেন। এ পাসগুলো ১৫ দিন, ১ মাস কিংবা তিন মাস মেয়াদের হতে পারে।”

এদিকে রবিবার (২৯ ডিসেম্বর) তথ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সচিবালয়ে ঢুকতে পারবেন। সোমবার থেকে সাংবাদিকদের অস্থায়ী পাস প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে তদন্তের স্বার্থে দর্শনার্থী, সাক্ষাতপ্রার্থী ও সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

এতে আরও বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অ্যাক্রিডিটেশন কার্ড পুনঃমূল্যায়ন করা হচ্ছে। খুব শীঘ্রই নতুন করে স্থায়ী বা অস্থায়ী অ্যাক্রিডিটেশন কার্ড বা পাস ইস্যু করা হবে।

এর আগে শনিবার রাতে সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রশাসন ১ শাখা থেকে এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উপসচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য অস্থায়ী প্রবেশ পাসের আবেদন গ্রহণ করার জন্য ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ডিএমপি, ১৫ আব্দুল গণি রোড, ঢাকায় “অস্থায়ী প্রবেশ পাস সংক্রান্ত বিশেষ সেল” গঠন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিম্নবর্ণিত কর্মকর্তা/কর্মচারী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উক্ত সেলে দায়িত্ব পালন করবেন। তারা হলেন, সিনিয়র সহকারী সচিব এফ এম তৌহিদুল আলম এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মৃত্যুঞ্জয় বাড়ৈ।

গত ২৫ ডিসেম্বর রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের একটি ভবনে আগুন লাগে। সচিবালয়ের ৭ নম্বর ভবনে ওই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৮ ইউনিট। পরে সচিবালয়ে সাংবাদিকসহ সকলের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

   

About

Popular Links

x