Wednesday, September 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

ছাত্রীদের অস্থায়ী আবাসনের জন্য মাসে ৩ হাজার টাকা দেবে ঢাবি প্রশাসন

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৫:৪৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের মধ্যে যারা হলে সিট পাওয়ার যোগ্য হয়েও সিট সংকটের কারণে পাচ্ছেন না তাদের অস্থায়ী আবাসন সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী। অস্থায়ী আবাসনের আওতাভুক্ত ছাত্রীরা প্রত্যেকে মাসে ৩ হাজার টাকা পাবেন।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এসময় সংবাদ সম্মেলনে ঢাবির প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সাইফুদ্দিন আহমদ এবং মেয়েদের হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমরা আমাদের নারী শিক্ষার্থীদের আবাসনের জন্য খুব দ্রুতই কোনো সমাধান করতে পারছি না। তবে এরই মধ্যে আমরা অস্থায়ীভাবে আবাসন সুবিধার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছি। এছাড়াও আমরা বাজেটের বাইরে একটা ফান্ড কালেকশনের মাধ্যমে শিক্ষার্থীদের আবাসন সহায়তা দেব।”

তিনি আরও বলেন, “যারা হলে সিট পাওয়ার যোগ্য কিন্তু সংকটের কারণে সিট দেওয়া সম্ভব হচ্ছে না, তাদের জন্য আমরা মাসিক ৩ হাজার টাকা করে আবাসন সুবিধা দেব। এরই মধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে। হলগুলোতে কারা সিটে থাকতে চায় সেটা জানতে চাওয়া হয়েছে। এটি হাতে পেলে আমরা যাচাই-বাছাই করে কাজ শুরু করে দেব।”

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের অস্থায়ীভাবে আবাসনের ব্যবস্থা না করায় “ভিসির বাংলোয় ঠাঁই চাই” কর্মসূচি ঘোষণা করেন একদল নারী শিক্ষার্থী।

   

About

Popular Links

x