নদীতে ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ফলে নদীতে দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৩টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। এর এক পর্যায়ে মধ্যরাত ৩টার দিকে ঘন কুয়ার কারণে নৌপথে ফেরির মার্কিং বাতির আলোর অস্পষ্ট হয়ে মাঝ পদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে বনলতা, বি এস জাহাঙ্গীর ও বাইগার নামের তিনটি ফেরি আটকা পড়লে সেখানেই নোঙর করে। পরে মধ্যরাত সাড়ে ৩টার দিকে নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
অন্যদিকে যমুনা নদীতে ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌপথেও বন্ধ রয়েছে ফেরি চলাচল। নদীতে কুয়ার পরিমাণ বেড়ে যাওয়ায় মাঝ নদীতে শাহ আলী ও কিষানী নামের দুটি ফেরি নোঙর করে। পরে মধ্যরাত ২ টার দিকে নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ঘাট কর্তৃপক্ষ জানায়, ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। এমনকি তীব্র শীতে রাতে যানবাহনের চালক, সহকারী ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
যশোর থেকে আসা জে এল পরিবহনের যাত্রী মাহমুদ হোসেন বলেন, ভোর ৫টার দিকে এসে ঘাটে আটকা পড়ি। ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তীব্র শীতে আমাদের কষ্ট হচ্ছে। আজ কুয়াশার পরিমাণ বেশি, কখন ফেরি ছাড়বে বলা যাচ্ছে না।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক সালাহ উদ্দিন জানান, তীব্র কুয়াশার কারণে বুধবার রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।
পদ্মায় ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।



