Saturday, July 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাইকোর্টে সাংবাদিকদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা

হামলাকারীরা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান অনুসারী বলে জানা গেছে

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫১ পিএম

পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায়ের পর সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে ঈশ্বরদী থেকে আসা বিএনপির নেতাকর্মীরা। এঘটনায় গুরুতর আহত হয়েছেন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তার। পরে আহত সাংবাদিককে কাকরাইলের ইসলামী ব‍্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় ঘোষণার পর বেলা ১২টার দিকে হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে। সেখানে এ মামলায় আসামিপক্ষের আইনজীবীদের ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছিলেন সাংবাদিকরা। হঠাৎ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিবের উপস্থিতিতে শতাধিক বিএনপি নেতাকর্মী হট্টগোল শুরু করেন। এর প্রতিবাদ জানালে এক পর্যায়ে উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা চালায় তারা।

ল’ রিপোর্টার্স ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ও স্যাটেলাইট টেলিভিশন এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ ঢাকা ট্রিবিউনকে বলেন, “পাবনার বিএনপির নেতাকর্মীরা হট্টগোল শুরু করলে এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তার এর প্রতিবাদ করেন। তখন বিএনপির নেতাকর্মীরা তাকে মারধর শুরু করেন। আমার কয়েকজন তাকে উদ্ধার করতে গেলে আমাদের ওপর হামলা করা হয়। তাদের হামলায় ১০জন সাংবাদিক আহত হয়েছেন।”

তিনি আরও বলেন, “হামলাকারীরা হাবিবুর রহমান হাবিবের অনুসারী। হামলার সময় হাবিবুর রহমান সেখানে উপস্থিত ছিলেন কিন্তু হামলাকারীদের নিবৃত্ত করার কোনো চেষ্টা করেননি। পরে কায়সার কামাল ভাই এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কয়েকজনকে দেখেছি তার ওপরের চড়াও হতে।”

এদিকে ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক ব্রিফিং বর্জনের পাশাপাশি অ্যানেক্স চত্বরে বসে পড়েন সাংবাদিকরা। এ ঘটনার সুষ্ঠু বিচার এবং জড়িতদের চিহ্নিত করার দাবি জানান সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা।

   

About

Popular Links

x