Saturday, July 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

খিলগাঁওয়ে স্বামীর বাসা থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৯:০০ এএম

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোরান এলাকায় স্বামীর বাসা থেকে সানজিদা আক্তার মারিয়া (১৮) নামে লালমাটিয়া মহিলা কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী সাইফুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মারিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। রাত ১১টা ৩৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মারিয়ার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাতকান্দা নয়াপাড়া গ্রামে। প্রায় আট মাস আগে সাইফুলের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা খিলগাঁওয়ের দক্ষিণ গোরান এলাকায় আলিয়া মাদ্রাসা স্কুলসংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

মারিয়ার ভাই জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে মারিয়ার সঙ্গে যোগাযোগ করতে না পেরে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তার স্বামীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বাসায় গিয়ে খোঁজ নিতে বলেন। সেখানে গিয়ে রান্নাঘরের পাশের বারান্দায় মারিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরিবারের সদস্যদের দাবি, তার গলায় একটি দাগও দেখতে পান তারা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার পর পুলিশ মারিয়ার স্বামী সাইফুলকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

   

About

Popular Links

x