বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জমে উঠেছে স্পেন ও বেলজিয়ামের লড়াই। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষে ১-১ সমতায় রয়েছে দুই দল।
ম্যাচের শুরুতে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও স্পেন তেমন পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না। অবশেষে ৩০তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল।
ডান প্রান্তে লামিন ইয়ামালের সঙ্গে দারুণ ওয়ান-টু পাস খেলে বক্সে নিচু ক্রস পাঠান পেদ্রো পোরো। সেই বল থেকে দানি ওলমোর প্রথম শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া। তবে ফিরতি বলে সবার আগে পৌঁছে কাছ থেকে জালে বল জড়িয়ে স্পেনকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ফাবিয়ান রুইজ।
তবে পিছিয়ে থেকেও ভেঙে পড়েনি বেলজিয়াম। ৪১তম মিনিটে দারুণ এক আক্রমণ থেকে সমতায় ফেরে তারা। ডান দিক থেকে তিমোথি কাস্তানিয়ের ক্রস বক্সে পেয়ে দুর্দান্ত ফ্লাইং হেডে বল জালে পাঠান চার্লস ডি কেটেলারে। তাতেই ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
ফলে দ্বিতীয়ার্ধে সেমিফাইনালে ওঠার লড়াই আরও উত্তেজনাপূর্ণ হওয়ার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।



