Wednesday, August 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মরক্কোয় জরুরি বৈঠকে বসছেন ফিফা প্রধান

বুধবার ফিফার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন তিনি 

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৫:০৪ পিএম

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে সংকট আরও গভীর হয়েছে। এ পরিস্থিতিতে নিজের অবস্থান শক্ত করতে বুধবার (৫ আগস্ট) মরক্কোয় ফিফার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন ফিফা সভাপতি।

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের ২০% বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে ৪২০ কোটি ডলার সংগ্রহের পরিকল্পনা সামনে আনার পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইনফান্তিনো। পরিকল্পনাটিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের সম্পৃক্ততার বিষয়টিও বিতর্ক আরও বাড়িয়ে দেয়।

শেষ পর্যন্ত গত শুক্রবার পরিকল্পনাটি বাতিল করেন ইনফান্তিনো। কিন্তু এতেও সমালোচনা থামেনি। ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়ে দিয়েছে, ইনফান্তিনোর নেতৃত্বের ওপর তাদের আর আস্থা নেই। ফলে মার্চে ফিফা কংগ্রেসে চতুর্থ মেয়াদে তার পুনর্নির্বাচনও এখন অনিশ্চয়তার মুখে।

ইতোমধ্যে কয়েকটি ইউরোপীয় ফুটবল সংস্থা ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে। এদিকে ফিফার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম এক অভ্যন্তরীণ বার্তায় বিতর্কিত পরিকল্পনাটিকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাপ্রবাহকে দুঃখজনক ও নিন্দনীয় ধারাবাহিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

এর আগে, ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামোরও বলেছিলেন, “কর্মীদের এই পরিকল্পনা সম্পর্কে বিভ্রান্ত করা হয়েছিল এবং এটি ছিল একজন ব্যক্তির প্রকল্প।”

ইনফান্তিনোর ঘনিষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরোও পরিকল্পনা নিয়ে আপত্তি জানিয়ে পদত্যাগ করেছেন। আর গত মঙ্গলবার ফিফার বৈশ্বিক ফুটবল উন্নয়ন বিভাগের প্রধান ও আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গারও পরিকল্পনাটি থেকে নিজেকে দূরে সরিয়ে বলেন, “এটি বাতিল করা একেবারেই প্রয়োজনীয় ছিল।”

এমন পরিস্থিতিতে বুধবারের বৈঠককে ইনফান্তিনোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মরক্কোর সালেতে ফিফার আফ্রিকা কার্যালয়ে অনুষ্ঠেয় বৈঠকে প্রথমেই আলোচনা হতে পারে কীভাবে অন্তত আগামী মার্চের নির্বাচন পর্যন্ত তার অবস্থান ধরে রাখা যায়।

ইনফান্তিনোর বিরুদ্ধে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে যদি ফিফার সদস্য দেশগুলোর অন্তত ৪৩টি লিখিতভাবে আবেদন করে জরুরি কংগ্রেস ডাকার দাবি জানায়। এমন কংগ্রেসে তার নেতৃত্ব নিয়ে আস্থাভোটের পরিস্থিতিও তৈরি হতে পারে।

এরই মধ্যে উয়েফা, কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশন ইনফান্তিনোর নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

লন্ডনের টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইনফান্তিনো পদত্যাগ না করলে এসব সংস্থা ফিফাকে অচল করে দেওয়ার পাশাপাশি নিজেদের আলাদা প্রতিযোগিতা আয়োজনের পথেও যেতে পারে।

   

About

Popular Links

x