বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচের আগে বেলজিয়ামের প্রধান কোচ রুডি গার্সিয়া জানিয়েছেন, লামিন ইয়ামালকে থামানোর জন্য আলাদা কোনো পরিকল্পনা নেই তাদের। তার মতে, স্পেনের শক্তি একজন খেলোয়াড়ে সীমাবদ্ধ নয়, বরং পুরো দলই সমানভাবে ভয়ংকর। তাই কৌশলে সাজানো হয়েছে পুরো দলকেই।
লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য কোয়ার্টার ফাইনালে স্পষ্ট আন্ডারডগ হিসেবেই মাঠে নামবে বেলজিয়াম। তবে তাতে বিচলিত নন গার্সিয়া। তিনি বিশ্বাস করেন, বল দখলে আধিপত্য বিস্তার করা স্পেনকে নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে না দিতে পারলে ম্যাচে ভালো লড়াই করা সম্ভব।
গার্সিয়া বলেন, “লামিন ইয়ামালকে থামানোর জন্য আলাদা কোনো পরিকল্পনা নেই। তাহলে স্পেনের প্রতিটি খেলোয়াড়ের জন্যই আলাদা পরিকল্পনা করতে হতো। আমাদের লক্ষ্য পুরো স্পেন দলকে থামানো এবং তাদের নিজেদের শক্তির জায়গাগুলো কাজে লাগাতে না দেওয়া।”
তিনি আরও বলেন, “স্পেন বলের দখল বেশি রাখবে, এটা স্বাভাবিক। তবে বল ফিরে পাওয়ার পর আমরা তাদের সমস্যায় ফেলতে চাই। আমাদেরও নিজস্ব শক্তি রয়েছে এবং সেটাই কাজে লাগাতে হবে।”
বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবারের বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে রয়েছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত তারা কোনো গোল হজম করেনি। তবুও বেলজিয়াম কোচের বিশ্বাস, সেই রেকর্ড ভাঙতে সক্ষম তার দল।
গার্সিয়া বলেন, “সবাই ধরে নিয়েছে আমরা ইতোমধ্যেই বিদায় নিয়েছি। কিন্তু আমরা নিজেদের সর্বস্ব দিয়ে লড়ব। আমি আশা করি, এই ম্যাচে আমাদের খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দেবে। আমার শরীরে আন্দালুসিয়ার রক্ত থাকলেও হৃদয়টা বেলজিয়ামের।”
স্পেনকে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট উল্লেখ করে তিনি বলেন, “তারা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এবং দীর্ঘদিন ধরে একই দল নিয়ে খেলছে। এখন পর্যন্ত তারা কোনো গোল খায়নি। আশা করি, অন্তত আমাদের বিপক্ষে একটি গোল তারা হজম করবে। আমরা তাদের যথেষ্ট সম্মান করি, তবে বড় কিছু অর্জন করতে হলে বড় দলগুলোকেও হারাতে হবে।”
বেলজিয়ামের আক্রমণভাগ নিয়েও আত্মবিশ্বাসী গার্সিয়া। তার দাবি, এই বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ গোল করা দলগুলোর একটি তারা। তাই স্পেনের শক্তিশালী রক্ষণভাগ ভেদ করার সামর্থ্য তাদের রয়েছে।
তিনি বলেন, “আমরা শুধু চাপ সামলাতে মাঠে নামছি না, নিজেদের সামর্থ্যও প্রমাণ করতে চাই। আমাদের বিশ্বাস, কোয়ার্টার ফাইনালের চেয়েও অনেক দূর যাওয়ার যোগ্যতা এই দলের আছে।”
বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে এবার গোল না খাওয়া স্পেনের বিপক্ষে কঠিন পরীক্ষায় নামছে বেলজিয়াম। আর সেই চ্যালেঞ্জে আত্মবিশ্বাস নিয়েই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন রুডি গার্সিয়া ও তার শিষ্যরা।



