নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে হামলা ও টাকা লুটের শিকার হয়ে বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের (৭০) মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
শুক্রবার (১০ জুলাই) র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। এ বিষয়ে আজ বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন (ব্রিফিং) করে বিস্তারিত তথ্য জানানো হবে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ২টার দিকে মেথিকান্দা রেলওয়ে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঘুমিয়ে ছিলেন ববি বেগম। এ সময় একদল দুর্বৃত্ত কক্ষে ঢুকে তাকে বেধড়ক মারধর করে তার দীর্ঘদিনের জমানো টাকা লুট করে নিয়ে যায়। হামলায় বৃদ্ধার চোখ-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ববি বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, গত বুধবার সকালে ময়নাতদন্তের জন্য ববি বেগমের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে রাত আটটার দিকে মরদেহ স্টেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এরপর রাত ১০টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
স্টেশন ও স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় দুই যুগ আগে একটি ট্রেন থেকে নেমে মেথিকান্দা রেলস্টেশনেই থেকে যান বাক্প্রতিবন্ধী ববি বেগম। স্টেশনের ওই পরিত্যক্ত কক্ষটিই ছিল তার একমাত্র আশ্রয়। কোনো পারিশ্রমিক ছাড়াই তিনি প্ল্যাটফর্ম ও শৌচাগার পরিষ্কার করতেন। স্টেশন ও আশপাশের মানুষের দেওয়া খাবার ও সামান্য সাহায্যেই চলত তার জীবন।



ছিনতাইকারীদের হামলায় আহত স্টেশন পরিচ্ছন্নতাকর্মী বুবি মারা গেছেন