Friday, July 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

গলায় বঁটির কোপ দিয়ে স্ত্রীকে মৃত ভেবে থানায় আত্মসমর্পণ, জীবিত উদ্ধার করলো পুলিশ

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৯:২৪ পিএম

কুমিল্লার বুড়িচং উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার চেষ্টা করে তাকে মৃত ভেবে থানায় আত্মসমর্পণ করেছেন এক স্বামী। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, গুরুতর আহত হলেও ওই গৃহবধূ তখনও জীবিত। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার ময়নামতি ইউনিয়নের গণেশপুর এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আহত গৃহবধূর নাম ইসরাত জাহান ইভা (২২)। তিনি বুড়িচং উপজেলার নয়াকামতা এলাকার বাসিন্দা। অভিযুক্ত স্বামী মোহাম্মদ কাজল (২৮) উপজেলার বলরামপুর গ্রামের বাসিন্দা। তারা গণেশপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুতফুর রহমান জানান, পারিবারিক বিরোধের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে কাজল প্রথমে ইভার শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে ঘরে থাকা একটি বঁটি দিয়ে তার গলায় এলোপাতাড়ি কোপ দেন। পরে স্ত্রী মারা গেছেন বলে ধারণা করে তাকে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে ফেলে রেখে দেবপুর পুলিশ ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় ইভাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ওসি আরও জানান, অভিযুক্ত কাজল বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

   

About

Popular Links

x