বিশ্বকাপের গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হওয়ার আগে ইনজুরির ধাক্কায় কিছুটা চিন্তায় রয়েছে স্পেন ও বেলজিয়াম। দুই দলই একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে দুশ্চিন্তায় থাকলেও বিকল্প পরিকল্পনা সাজিয়ে মাঠে নামতে প্রস্তুত।
স্পেনের সবচেয়ে বড় ধাক্কা এসেছে নিকো উইলিয়ামসকে হারিয়ে। লামিন ইয়ামালের সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে ইউরো জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। তবে ডান পায়ের ঊরুর মাংসপেশি ও কুঁচকির চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এই উইঙ্গার।
নিকোর অনুপস্থিতিতে ফেরান তোরেসকে বিকল্প হিসেবে ভাবা হলেও পর্তুগালের বিপক্ষে ম্যাচের আগে তিনিও ছোট একটি চোটে পড়েছিলেন। তবে স্বস্তির খবর হলো, বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের জন্য তাকে ফিট ঘোষণা করা হয়েছে।
নিকো ও ফেরানের অনুপস্থিতিতে নকআউট পর্বে অস্ট্রিয়া ও পর্তুগালের বিপক্ষে শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন অ্যালেক্স বায়েনা। তবে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি তিনি। এর আগে গ্রুপ পর্বে ইয়েরি পিনো ইনজুরিতে পড়লেও স্পেনের পরিকল্পনায় বড় কোনো প্রভাব পড়েনি।
অন্যদিকে বেলজিয়াম আরও বড় ধাক্কা খেয়েছে মিডফিল্ডার আমাদ ওনানাকে হারিয়ে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে কড়া ট্যাকলের শিকার হয়ে তার পায়ের পাতায় চিড় ধরা পড়েছে। ফলে এই বিশ্বকাপে আর মাঠে নামা হচ্ছে না অ্যাস্টন ভিলার এই ডিফেন্সিভ মিডফিল্ডারের।
তবে বেলজিয়াম শিবিরে কিছুটা স্বস্তিও রয়েছে। উইঙ্গার জেরেমি ডকুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। প্রথম সন্তানের জন্মের সময় পাশে থাকতে ক্যাম্প ছেড়েছিলেন তিনি। পরে দলে ফিরলেও ক্লান্তির কারণে শেষ দুই ম্যাচে তাকে বদলি করা হয়েছিল। এবার পূর্ণ ফিটনেসে ফেরার আশা করছে দলটি।
স্পেনের সম্ভাব্য একাদশ: উনাই সিমন, পেদ্রো পোরো, আইমেরিক লাপোর্তে, পাও কুবার্সি, মার্ক কুকুরেয়া, রদ্রি, দানি অলমো, পেদ্রি, লামিন ইয়ামাল, মিকেল ওয়ারজাবাল, অ্যালেক্স বায়েনা।
বেলজিয়ামের সম্ভাব্য একাদশ: থিবো কর্তুয়া, তিমোথি কাস্তানিয়ে, নাথান এনগয়, ব্র্যান্ডন মিচেল, ম্যাক্সিম ডি কুইপার, নিকোলাস রাসকিন, ইয়োরি তিলেমান্স, ডোডি লুকেবাকিও, কেভিন ডি ব্রুইনে, লিয়ান্দ্রো ত্রোসার, চার্লস ডি কেটেলার।



