Friday, June 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

যবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৫

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ মোতায়েন করা রয়েছে

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৪ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রক্টর ড. আমজাদ হোসেনসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। তারা সবাই যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চায়ের দোকানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের কথা-কাটাকাটির জেরে এই সংঘর্ষ ঘটনা ঘটে। পরে রাত ১২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ক্যাম্পাস কমিটি দেওয়ার প্রস্তুতি চলছে। শিক্ষার্থীদের একটি অংশ কমিটি চায় না। এ নিয়ে গত দুদিন ধরে ক্যাম্পাসে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছিল। পরে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি চায়ের দোকানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে সিএসই বিভাগের শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। পরে প্রক্টর অফিসে ঘটনা মীমাংসার জন্য গেলে সিএসই বিভাগের উত্তেজিত শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ক্যাম্পাসে কয়েক দফা ইট-পাটকেল ছুড়তে থাকেন দুই পক্ষের শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী সাধারণ শিক্ষার্থীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা অনেক চেষ্টার পরও ব্যর্থ হন। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিশ্ববিদ্যালয় এলাকায় এখন পুলিশ মোতায়েন করা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আব্দুল মজিদ জানিয়েছেন, ক্যাম্পাসে পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

 

   

About

Popular Links

x