Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বসন্তের আগমনি বাতাসে বৃষ্টির বার্তা

বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫১ পিএম

প্রায় শেষের দিকে শীত মৌসুম। আর দুদিন পরেই আসছে বসন্ত। প্রকৃতিতে ইতোমধ্যেই বইতে শুরু করেছে বসন্তের আগমনি বাতাস। আর এর মধ্যেই দেশের দুইটি বিভাগে গুঁড়িগুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে রাতের তাপমাত্রাও বাড়বে বলে জানিয়েছে অধিদপ্তর।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা/গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পাশাপাশি সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

এছাড়া আগামী পাঁচদিনে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

   

About

Popular Links

x