Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জবি বৈষম্যবিরোধী কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে ৩ জনের পদত্যাগ

আহ্বায়ক মাসুদ রানা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে তারা বিতর্কিত করার চেষ্টা করছে

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৮ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়তে (জবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে অব্যাহতি নিয়েছেন পদপ্রাপ্ত একাধিক নেতা। এছাড়া শিক্ষার্থীরা এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এই কমিটির তালিকা প্রকাশ করা হয়। তবে কমিটিতে নাম থাকা অনেকেই এ কমিটির বিরোধিতা করছেন। তাদের মতে, যোগ্যদের বাদ দিয়ে একদল মানুষ সুবিধা গ্রহণ করার উদ্দেশ্যে এ কমিটি গঠন করেছে।

তাছাড়া পদবঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ, নামে বৈষম্যবিরোধী হলেও জগন্নাথের কমিটিতে বৈষম্যের শিকার হয়েছেন অনেকেই। শিক্ষার্থীরা হতাশার সুরে বলছেন, আন্দোলন করলাম আমরা সাধারণ শিক্ষার্থীরা, আর এখন পদ পাচ্ছেন অন্যরা।

পদত্যাগ করে ফেসবুকে পোস্ট দেন জবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিন মিয়া। তিনি বলেন, “জবিতে দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি মূলত পদত্যাগ করা সমন্বয়ক নূর নবীর পছন্দদের নিয়ে করা হয়েছে। এখানে কোনো ধরনের যোগ্যতার মূল্যায়ন করা হয় নাই। এখানে দেখা হয়েছে নূর নবীর অনুগত কিনা। এই ব্যক্তিগত কমিটি মানিনা এবং প্রত্যাখ্যান করছি।”

কমিটির যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করে ফেরদৌস শেখ বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি আবেগের প্লাটফর্ম। জবিতে এই কমিটি গঠন বিষয়ে কিছু না জানিয়ে আমার নাম দেওয়া হয়েছে। যেখানে আমার নামটাও সঠিকভাবে লিখতে পারে নাই। কমিটির জন্য আমরা ৯০ জনের লিস্ট করেছিলাম। কিন্তু এরই মধ্যে কাউকে না জানিয়ে হুট করে এ কমিটি দিয়ে দিলো।”

তিনি বলেন, “যেহেতু এ কমিটিতে আমার অনেক সহযোদ্ধা বড় ভাই, বন্ধু ও ছোট ভাইকে মাইনাস করা হয়েছে সুকৌশলে, তাই এই কমিটিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করছি। পাশাপাশি নিজে অব্যাহতি নিচ্ছি এই কমিটি থেকে।”

এছাড়া পদবঞ্চিতদের অনেকে ফেসবুকে কটাক্ষ করেছেন। তাদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জবি শাখার এ কমিটিতেই বৈষম্য হয়েছে।

জবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহ্বায়ক মাসুদ রানা বলেন, “কমিটি এসেছে হাসনাত আবদুল্লাহ আর আরিফ সোহেলের স্বাক্ষরে। এই দায়ভার যদি নিতে হয় তাহলে তারাই নিবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো ব্যক্তিকেন্দ্রিক ছিল না। কিন্তু একটি সুসংগঠিত রাজনীতি করতে গেলে সব ধরনের মানুষকে নিয়ে করা যায় না। একটু একমনা লোকদের নিয়ে চালাতে হয়। আমি ফেসবুকে দেখেছি তিনজন কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় এই অভিযোগ তুলেছে। তারা গুরুত্বপূর্ণ পদে আছেন। কিন্তু তাদের এই পদটা পছন্দ হয়নি। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত করতে চেষ্টা করছে।”

অভিযোগের ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতা জবি ছাত্র মো. নূর নবী বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা আন্দোলন করেছে তারা একজনের মাইম্যান হয়ে তার কথায় উঠবে-বসবে, এগুলো বলা অযৌক্তিক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা কাজ করেছেন তারা দলমত নির্বিশেষে সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদেরকে নিয়েই এই কমিটি গঠন হয়েছে। কয়েকজন তাদের ডিমান্ড অনুযায়ী পদ পায়নি এজন্য এমন ধরনের কথা বলছে।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত বৈষম্যবিরোধী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে আহ্বায়ক করা হয় পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানাকে ও সদস্য সচিব করা হয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী সিফাত হাসানকে।

   

About

Popular Links

x