মাঝেমাঝেই এমন পরিস্থিতি তৈরি হয় যে অফিস যাওয়ার সুযোগ থাকে না। কিন্তু চাইলেই তো আর ছুটি পাওয়া যায় না। তখন ‘‘ওয়ার্ক ফ্রম হোম’’ করতে হয়। কিন্তু বাড়ি বসে অফিসের কাজ করলে সংসারের বাড়তি কিছু দায়িত্বও পালন করতে হয়। টুকটাক খাবার বানানো থেকে সংসার খুঁটিনাটি কাজতো থাকেই। অফিসের কাজ ছেড়ে তাই মাঝেমাঝেই উঠে পড়তে হয় ঠিকই, তাই বলে কাজে ফাঁকি দেন না। কিন্তু উর্ধ্বতন কর্তৃপক্ষের মনে হতেই পারে আপনি কাজে ঠিক করে মনোযোগ দিচ্ছেন না। তেমন যাতে মনে না হয়, সেটার জন্য কিছু কৌশল জেনে রাখা জরুরি। চলুন জেনে নেওয়া যাক।
১. বাড়ি থেকে কাজে বসলে অফিসের সহকর্মী এবং বসের সঙ্গে যোগাযোগ রাখা জরুরি। কাজ ছেড়ে কখন ওঠছেন, কতক্ষণের জন্য ওঠছেন সেসব অফিসের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জার গ্রুপে জানিয়ে রাখা জরুরি। তাতে ভুল বোঝাবুঝির আশঙ্কা কম হবে।
২. বাড়ি থেকে নিজের কাজের গতিবিধি জানানোর পাশাপাশি কাজের হিসেব দেওয়াও জরুরি। কী, কী কাজ করলেন কিংবা কোন কাজগুলো পরে করবেন বলে সেটাও বলে রাখতে পারলে ভালো।
৩. তাড়াতাড়ি সব কাজ, সুষ্ঠুভাবে করার চেষ্টা করুন। বাড়ি থেকে করছেন মানেই শিফটের সময়ের বাইরে গিয়ে কাজ করবেন, তা নয়। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করুন। তাতে কাজের গুণগতমানও ভালো হবে। আবার কাজের গতিও বাড়বে। সেই সঙ্গে বসও খুশি হবেন।



