Saturday, November 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাইবার হামলা নয়, যেকারণে মাইক্রোসফটের বিপর্যয়

‘আউটলুক’ নিয়ে অভিযোগের সংখ্যা প্রায় ১ লাখ ৪০ হাজারে গিয়ে ঠেকেছে

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম

মাইক্রোসফটের অনলাইন সেবায় বড় ধরনের বিভ্রাটের কারণে বিশ্বজুড়ে ইমেইল, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক পণ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবায় মারাত্মক বিঘ্ন ঘটেছে। বিবিসি জানিয়েছে, এই বিপর্যয়ের ফলে কিছু পরিষেবা পুরোপুরি অচল হয়ে পড়েছে। অনলাইন সেবার পরিস্থিতি পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ‘ডাউনডিটেক্টর’-এর তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৬টার দিকে বিশ্বজুড়ে মাইক্রোসফটের ইমেইল সেবা ‘আউটলুক’ নিয়ে অভিযোগের সংখ্যা প্রায় ১ লাখ ৪০ হাজারে গিয়ে ঠেকে।

মাইক্রোসফট জানিয়েছে, তাদের ‘টিমস’, ‘আউটলুক’ এবং এআইভিত্তিক সফটওয়্যার ‘কোপাইলট’সহ ‘মাইক্রোসফট ৩৬৫’-এর বিভিন্ন সেবা এই বিভ্রাটের মুখে পড়েছে। ব্যবহারকারীরা ভিন্ন ভিন্ন মাত্রার সমস্যার কথা জানিয়েছেন। কেউ ইমেইল পাঠাতে বা গ্রহণ করতে পারছেন না, আবার কেউ ক্যালেন্ডার অ্যাপের তথ্য দেখতে সমস্যায় পড়ছেন। তবে কিছু ব্যবহারকারী স্বাভাবিকভাবেই টিমস ব্যবহার করে মেসেজিং ও অনলাইন মিটিং চালিয়ে যেতে পেরেছেন।

এই বিভ্রাটের সঠিক ব্যাপ্তি পুরোপুরি নিশ্চিত না হলেও ডাউনডিটেক্টরের পরিসংখ্যান বলছে, বিশ্বের ৭৪টি দেশ থেকে অন্তত ১ লাখ ৪০ হাজার মানুষ আউটলুক ব্যবহারে সমস্যায় পড়েছেন। বিশ্বজুড়ে ৪৩ কোটির বেশি মানুষ মাইক্রোসফট ৩৬৫-এর অ্যাপ ব্যবহার করায় এর প্রভাবে অন্যান্য দাপ্তরিক ও ব্যবসাপ্রতিষ্ঠান বড় ধরনের সংকটে পড়েছে।

মাইক্রোসফটের এই বিভ্রাটের জেরে এআই প্রযুক্তি খাতের শীর্ষ কোম্পানি ওপেনএআই ও অ্যানথ্রপিক-এর সেবাতেও সমস্যা দেখা দিয়েছে। চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই জানিয়েছে, মাইক্রোসফটের সেবার সঙ্গে সংযোগে ত্রুটি দেখা দেওয়ায় তাদের কিছু টুল প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না। এছাড়া সিঙ্গাপুর সরকার, অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা এবং যুক্তরাজ্যের বেশ কয়েকটি চিকিৎসাকেন্দ্রও এই বিভ্রাটের শিকার হয়েছে। চিকিৎসাকেন্দ্রগুলো ইমেইলের বদলে রোগীদের জরুরি প্রয়োজনে সরাসরি ফোনে যোগাযোগের পরামর্শ দিয়েছে।

মাইক্রোসফট জানিয়েছে, এই ঘটনার পেছনে কোনো সাইবার হামলার ঘটনা নেই। মূলত তাদের অবকাঠামোর ওপর তৈরি হওয়া অতিরিক্ত চাপ বা ‘এলিভেটেড লোড’-কে এর জন্য দায়ী করা হচ্ছে। কোম্পানির ভাষ্য অনুযায়ী, বিপুলসংখ্যক সার্ভার ‘অপ্রত্যাশিতভাবে অচল’ হয়ে পড়ায় অবশিষ্ট সচল সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়, যা পুরো ব্যবস্থাকে বিপর্যস্ত করে তোলে।

প্রাথমিকভাবে সমস্যা সমাধানের উদ্যোগগুলো ‘প্রত্যাশা অনুযায়ী’ না এগোলেও শুক্রবার সকালে মাইক্রোসফট জানায়, সংকট মোকাবিলায় তাদের প্রচেষ্টায় সামান্য অগ্রগতি হয়েছে। সার্ভারের বর্তমান অবস্থা মূল্যায়ন করতে ও সক্ষমতা বাড়াতে তারা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

অস্ট্রেলিয়ার সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্ট বলেন, “মাইক্রোসফট ইন্টারনেটের মূল কাঠামোর বিশাল অংশ এবং এ বিভ্রাটের বিষয়টি আমাদের আবারও মনে করিয়ে দিয়েছে, ইমেইল এখনও কতটা গুরুত্বপূর্ণ।” তিনি জানান, এর ফলে দাপ্তরিক কাজ ছাড়াও জরুরি অ্যাপয়েন্টমেন্ট এবং বিভিন্ন অ্যাকাউন্ট যাচাইকরণের প্রক্রিয়া থমকে গেছে। নিউজিল্যান্ডভিত্তিক পরামর্শক কোম্পানি ‘গরিলা টেকনোলজি’র পল স্পেইন মন্তব্য করেছেন, সেবাগুলো বন্ধ থাকায় কোম্পানিগুলো কার্যত একটি পূর্ণ কর্মদিবস হারিয়েছে, যা ব্যবহারকারীদের জন্য অত্যন্ত হতাশাজনক।

   

About

Popular Links

x