Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্ত্রীর পায়ের রগ কেটে হাত-পা থেঁতলে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

রিনা আক্তার নামের ওই ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৩:১৯ পিএম

ঘুমন্ত স্ত্রীর পায়ের রগ কাটাসহ পাথর দিয়ে হাত-পা থেঁতলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর পৌর এলাকার কালু হাজী সড়ক এলাকায়। অভিযুক্ত স্বামী আলমগীর পেশায় নির্মাণ শ্রমিক।

শনিবার (১৫ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ।

আলমগীর লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর বাঞ্চানগর এলাকার বাসিন্দা। রিনা আক্তার নামের ওই ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ত্রোপচারের জন্য তাকে অপারেশ থিয়েটারে নেওয়া হয়।

রিনা আক্তারের ভাই অ্যাম্বুলেন্সচালক হোসেন আহমেদ রবিবার বলেন, “তার অবস্থা খুবই খারাপ বলে জানিয়েছেন চিকিৎসকরা। আমি ঢাকা থেকে এসে থানায় মামলা করব।”

হোসেনসহ স্থানীয় লোকজন জানান, বাড়িতে ঘর না থাকায় রিনা ও তার স্বামী আলমগীর কালু হাজী সড়ক এলাকায় সন্তানদের নিয়ে ভাড়া বাসায় থাকেন। শনিবার রাতে রিনা সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। আলমগীর বাসায় এসে ঘুমন্ত স্ত্রীর দুই পায়ের রগ কেটে দেন। এছাড়া পাথর দিয়ে রিনার দুই হাত ও দুই পা থেঁতলে দেওয়া হয়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ পাঠানো হয়।

হোসেন আহমেদের অভিযোগ, “কোনো কারণ ছাড়াই আলমগীর আমার বোনকে কুপিয়েছে। হাত-পায়ের রগ কেটে দিয়েছে। সে মাদক সেবনের সঙ্গে জড়িত। বিষয়টা স্থানীয় লোকজনও জানিয়েছে।”

এদিকে, ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন আলমগীর হোসেন।

ওসি আব্দুল মোন্নাফ বলেন, “সকালে ঘটনাটি জানতে পেরেছি। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

   

About

Popular Links

x