Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজায় গণহত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ

বগুড়া কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০৩:৩৩ পিএম

ফিলিস্তিনের গাজায় পাশবিক হামলা ও নিরীহ গাজাবাসীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) বাদ জুমআ বগুড়া ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে বগুড়া কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এবং সাতমাথায় গিয়ে একটি পথসভার মধ্য দিয়ে মিছিলটির শেষ হয়।

মিছিল থেকে ‘‘বিশ্ব মুসলিম ঐক্য গড়ো, ফিলিস্তিন স্বাধীন করো’’, ‘‘দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো’’, ‘‘ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’’-সহ নানা স্লোগান দেওয়া হয়। একইসঙ্গে মিছিল থেকে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়।

পথসভায় বক্তারা বলেন, ‘‘যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে। ইহুদিবাদীরা গাজায় যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তা সকল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।”

বক্তারা আরও বলেন, “আজ (২৮ মার্চ) রমজানের শেষ শুক্রবার, আন্তর্জাতিক আল কুদস দিবস। মুসলমানদের প্রথম কেবলা পবিত্র বায়তুল মুকাদ্দাস দখলমুক্ত করার আন্দোলনে বিশ্ব মানবতাকে উজ্জীবিত করার প্রতীকী দিন এটি।”

বিশ্বজুড়ে দিনটি এমন এক সময় পালিত হতে যাচ্ছে যখন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের পাশবিক হামলা অব্যাহত রয়েছে।

সম্প্রতি যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার বিরুদ্ধে পুনরায় সামরিক আগ্রাসন শুরু করে। নতুন করে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত ৭৩০ জনেরও বেশি ফিলিস্তিনি শহিদ এবং ১,৩৬৭ জন আহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় শহিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০,০৮২ জনে এবং আহতের সংখ্যা ১,১৩,৪০৮ জনে দাঁড়িয়েছে।

গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন পুনরায় শুরু হওয়ার পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে।

বক্তারা বলেন, “ইরানে ইসলামি বিপ্লব বিজয়ী হওয়ার পর ইমাম খোমেনি (র) ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে রমজান মাসের শেষ শুক্রবার আন্তর্জাতিক আল কুদস দিবস পালনের আহ্বান জানান। এই ঘোষণার মধ্য দিয়ে তিনি দখলদার ইহুদীবাদী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে সংগ্রামের পতাকা উড্ডীন করেন এবং কুদস শরীফ ও ফিলিস্তিনের ইসলামি ও পবিত্র ভূমির মুক্তির বিস্মৃত লক্ষ্য ও আদর্শকে পুনরুজ্জীবিত করেন।”

পথসভায় বক্তব্য রাখেন- বগুড়া ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি কৃষিবিদ মীর সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মোজাফ্ফর হোসেন, মাওলানা শরিফুল ইসলাম প্রভাষক আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, ইরান (বাংলাদেশ শাখা), মো. শাহিনুর রহমান প্রভাষক এম. এইচ কলেজ শিবগঞ্জ, বগুড়া। মুসলিম বিশ্বের শান্তিকামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সংহতি মিছিল ও সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়।

   

About

Popular Links

x