Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, যুক্ত হচ্ছে জুলাই শহীদদের ছবি

ই-পাসপোর্টের জলছাপে পরিবর্তন ও নকশা সংশোধনের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১০:০৯ পিএম

বাংলাদেশি পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

রবিবার (১৯ জুলাই)এই নির্দেশনা পুনর্বহাল করে আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এখন থেকে যে নতুন ই-পাসপোর্টগুলো তৈরি হবে, সেগুলোর সবকটিতেই ‘ইসরায়েল ব্যতীত’ লেখাটি পুনর্বহাল থাকবে।

নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, ই-পাসপোর্টের ভেতরের পাতায় (জলছাপ) বড় ধরনের পরিবর্তন ও নকশা সংশোধন করার জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশটি পর্যালোচনা করে দেখা গেছে, ই-পাসপোর্টের জলছাপে বেশ কিছু পরিবর্তন এসেছে। নতুন জলছাপে রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও শহীদ ওয়াসিম আকরামের ছবি-সংবলিত জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ যুক্ত করা হয়েছে। এছাড়া সব ধর্মের প্রতীক যুক্ত করা হয়েছে ই-পাসপোর্টে। 

বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দেশের নৈতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে সাড়ে চার হাজার কোটি টাকায় ই-পাসপোর্ট পরিষেবা চালু করা হয়। তখন পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ বাদ দেওয়া হয়। এর আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকতো, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ছাড়া। এরপর বিভিন্ন মহল থেকে ই-পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শব্দবন্ধ যুক্ত করতে দাবি ওঠে।

   

About

Popular Links

x