Monday, June 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত

দুর্ঘটনার পর হতাহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন

আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ০১:২১ পিএম

মেহেরপুর শহরে ঈদের দিনে মোটরসাইকেল, ভ্যান ও জিপের সংঘর্ষে শিশুসহ তিনজন প্রাণ হারিয়েছেন।

সোমবার (৩১ মার্চ) দুপুরে শহরের বিএটি তামাক ক্রয়কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন।

নিহতদের মধ্যে রয়েছেন মোটরসাইকেল আরোহী আখতারুজ্জামান শোভন ও আল ইমরান (৩৫) এবং ভ্যানে থাকা শিশু জুবায়ের হোসেন (১০)।

এ ঘটনায় ভ্যানচালক আলী হাসান (৪০), তার স্ত্রী তকলিমা খাতুন ও জিপ চালক পলাশ আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সোহরাব হোসেন জানান, মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে দ্রুতগতির একটি জিপ প্রথমে বিপরীত দিক থেকে আসা ভ্যানকে ধাক্কা দেয়, এতে সেটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এরপর জিপটি মোটরসাইকেলকেও ধাক্কা দেয় এবং সংঘর্ষের পর দুটো গাড়িই রাস্তার পাশে মাইলপোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, শোভন সম্প্রতি উচ্চশিক্ষা শেষ করে একটি ব্যাংকে চাকরি শুরু করেছিলেন। তার বন্ধু আল ইমরান ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন। তারা ঈদের দিন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বের হয়েছিলেন। অপরদিকে, ভ্যানচালক আলী হাসান তার স্ত্রী ও ছেলেকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে বের হয়েছিলেন।

ওসি শেখ মেজবাহ উদ্দিন জানান, দুর্ঘটনার পর হতাহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও জিপচালক পলাশ আহত অবস্থায় পালিয়ে গেছেন।

তিনি বলেন, “সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।”

   

About

Popular Links

x