Monday, November 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

তেজগাঁওয়ে ময়লার স্তূপে পড়ে ছিল শিশুর মরদেহ, গায়ে আঘাতের চিহ্ন

শিশুটির শরীরে গরম পানির ছ্যাঁকা ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে

আপডেট : ১৩ মে ২০২৫, ০২:২৭ পিএম

রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনি পাড়ার বিজয় সরণি ফ্লাইওভারের নিচে একটি ময়লার স্তূপ থেকে বস্তাবন্দি অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির শরীরে গরম পানির ছ্যাঁকা ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

মঙ্গলবার (১৩ মে) সকাল ১১টার দিকে ময়লার স্তুপে একটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

তেজগাঁও থানা উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল কাদের বলেন, “খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করি। তার বুকে গরম পানির ফোসকার মতো দাগ রয়েছে, এছাড়াও শরীরে আরও কিছু আঘাতের চিহ্ন রয়েছে।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাঁচ বছর বয়সী শিশুটিকে হত্যার পর এখানে ফেলে রাখা হয়েছে। তবে ময়নাতদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।”

পুলিশ জানায়, নিহত এই শিশুটির নাম রোজা মনি (৫)। সোমবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল। তাকে খুঁজতে পরিবারের সদস্যরা এলাকায় মাইকিংও করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার থেকেই একটি শিশু নিখোঁজ। এ নিয়ে এলাকায় আলোচনা চলছিল। সকালে ময়লার স্তূপে বস্তাবন্দি শিশুর মরদেহ দেখতে পেয়ে সবাই চমকে ওঠেন।

নিহত রোজা মনি প্রবাসী নূরে আলমের মেয়ে। গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার মনিরামপুরে। পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে সে ছিল ষষ্ঠ। পরিবারসহ সে রাজধানীর তেজকুনি পাড়ার ১৮৬/৯ নম্বর বাসায় ভাড়া থাকতো।

   

About

Popular Links

x