রাজধানী ঢাকায় সাম্প্রতিক বেড়েছে ছিনতাইয়ের ঘটনা। এসব ঘটনায় পিস্তল, চাপাতি, ছুরির মতো অস্ত্র ব্যবহারের খবর জানা গেছে। তবে এবার ব্যাটারিচালিত অটোরিকশা চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে নগদ টাকাসহ অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে বুধবার (২১ মে) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর কলেজগেট এলাকায়। ভুক্তভোগী ওই রিকশাচালকের নাম কবির হোসেন (৪৩)।
কবির হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
আহতের স্ত্রী মিনু বেগম ও ছেলে মো. সাব্বির ঢামেকে সাংবাদিকদের জানান, রাতে ফকিরাপুল থেকে যাত্রী নিয়ে রওনা দেন কবির হোসেন। একজন যাত্রী কলাবাগানে নামলেও অপর যাত্রী কলেজগেট এলাকায় গাড়ি থামাতে বলেন। সেখানে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী কবিরকে ধরে একটি পিকআপ ভ্যানে তুলে হাতুড়ি দিয়ে আঘাত করে। পরে তার কাছ থেকে প্রায় ১ হাজার টাকা, মোবাইল ফোন এবং অটোরিকশার ব্যাটারি খুলে নেয়। একপর্যায়ে কবিরকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে পুরো অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
আহত কবির কুমিল্লা জেলার হোমনা উপজেলার আলিপুর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে খিলগাঁও এলাকায় পরিবার নিয়ে বসবাস করছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।



