Friday, July 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

নারী শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদ করায় চাঁদনী চকে ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা

কিছু না কিনে বেরিয়ে এলে দোকানদাররা কুরুচিপূর্ণ মন্তব্য করতে শুরু করেন

আপডেট : ২৭ মে ২০২৫, ১১:১১ এএম

রাজধানী ঢাকার নিউমার্কেট সংলগ্ন চাঁদনী চক মার্কেটে এক নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য ও যৌন হয়রানির প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী। এ ঘটনায় এক দোকানিকে ধরে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষাথীরা।

সোমবার (২৬ মে) রাত সাড়ে ৯টার দিকে নিউমার্কেটের চাঁদনী চক মার্কেটের একটি দোকানে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী শাহেদুল ইসলাম ও আয়াজুর রহমান। তাদের দুজনকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে সেবা দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আহত শাহেদুল, আয়াজ, দর্শন বিভাগের শিক্ষার্থীর ফারহান এবং সমাজকল্যাণ বিভাগের এক নারী শিক্ষার্থী ওই দোকানে কাপড় কিনতে যান। কাপড় দামাদামি করার এক পর্যায়ে দোকানির দাবি করা দাম দিতে রাজি না হলে ওই নারী শিক্ষার্থীকে উদ্দেশ করে তারা কুরুচিপূর্ণ মন্তব্য করে দোকানিরা। এতে তারা প্রতিবাদ জানালে দোকানিরা তাদের ওপর হামলা করে।

এ সময় দোকানের ম্যানেজার ও আশপাশের দোকানদাররা মিলে শিক্ষার্থীদের “চোর” বলে চিৎকার শুরু করে এবং একপর্যায়ে তাদের ওপর হামলা চালায়। এতে মাথায় এবং পায়ে আঘাত পেয়ে শাহেদুল ইসলাম এবং আয়াজুর রহমান গুরুতর আহত হন। পরে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসার জন্য নেওয়া হয়।

এ ঘটনা জানাজানি হলে ঢাবি শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং অভিযুক্ত দোকানে ভাঙচুর চালান। এরপর ওই দোকানিকে ধরে পুলিশে সোপর্দ করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অফিসার ইনচার্জ একেএম মাহফুজুল হক সাংবাদিকদের বলেন, “ইতোমধ্যে মিলন নামে একজনকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চারজনের নাম লিস্ট করা হয়েছে। ঘটনাস্থলে সম্পূর্ণ সিসি টিভি ক্যামেরা রয়েছে। ভিডিও বিশ্লেষণ করে দ্রুতই অভিযুক্তদের আটক করা হবে।”

   

About

Popular Links

x