Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

নিম্নচাপের কেন্দ্র এখন ঢাকা ও আশপাশে, পাঁচ বিভাগে হতে পারে ভারি বর্ষণ

নিম্নচাপের প্রভাবে শুক্রবার সারাদিন বৃষ্টি হবে

আপডেট : ৩০ মে ২০২৫, ১০:১১ এএম

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এখন ঢাকা ও এর আশপাশে। আজ এটি লঘুচাপে পরিণত হবে। অর্থাৎ আজকের মধ্যেই এর শক্তি অনেকটাই কমে আসবে।

শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ৮টার দিকে নিম্নচাপটির এ অবস্থানের কথা আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়।

আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে শুক্রবার সারাদিন বৃষ্টি হবে এবং শনিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। আজ এই নিম্নচাপের প্রভাবে দেশের অন্তত পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

আজ সকাল সাড়ে ৮টার দিকে আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, “গভীর নিম্নচাপটি গতকাল রাতেই স্থল নিম্নচাপ আকারে সাতক্ষীরা ও এর কাছাকাছি এলাকায় অবস্থান নেয়। এরপর থেকে এটি স্থল নিম্নচাপ আকারে রূপ নেয়। এখন নিম্নচাপের কেন্দ্র ঢাকা ও এর আশপাশে আছে। এটি ধীরে ধীরে উত্তর বা উত্তর-পূর্ব দিকে এগোতে থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে আজ ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারি বৃষ্টি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে তাকে অতিভারি বৃষ্টি বলা হয়।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, “নিম্নচাপটি আজই দিনের পরের দিকে লঘুচাপে পরিণত হতে পারে। তবে এর প্রভাব রয়ে যাবে, অর্থাৎ বৃষ্টি হতেই থাকবে। এই নিম্নচাপের গতি এখন সিলেটমুখী।”

   

About

Popular Links

x