নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে আরও ৩২ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত এলাকা দিয়ে তাঁদের ঠেলে পাঠানো হয়। পরে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি।
আটকদের মধ্যে- ৩টি শিশু, ২১ জন নারী ও ৮ জন পুরুষ রয়েছেন। জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান, তাদের বাড়ি খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া ও টাঙ্গাইল জেলায়।
নেত্রকোনা ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম কামরুজ্জামান বলেন, “গতকাল মঙ্গলবার গভীর রাতে ৩২ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে তারা ২ মাস থেকে ১০ বছর আগে ভারতে গিয়েছিলেন। বর্তমানে তাদের বিজিবির বিজয়পুর ক্যাম্পে রাখা হয়েছে। পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
এদিকে গত দুই মাস ধরে অবৈধভাবে পুশ ইন করে যাচ্ছে বিএসএফ। এ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কয়েকবার চিঠি দেওয়া হলেও ভারতের পক্ষ থেকে তেমন সাড়া পাওয়া যায়নি।



সীমান্তে আটক বিএসএফ সদস্যকে তিন ঘণ্টা পর ফেরত দিল বিজিবি