Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পদ্মা সেতু নির্মাণে মোবাইল ফোন সেবার ব্যয়ে সারচার্জ বন্ধে নোটিশ

এই সারচার্জের মাধ্যমে ভোক্তাদের কাছ থেকে ২,০০০ কোটি টাকার বেশি আদায় করা হয়েছে

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৯:১৮ পিএম

পদ্মা সেতু নির্মাণের জন্য মোবাইল ফোন সেবার ব্যয়ের ওপর চলমান সারচার্জ কর্তন বন্ধে আইনি নোটিশ দিয়েছে বেসরকারি ভোক্তা অধিকার সংগঠন “কনশাস কনজ্যুমার্স সোসাইটি” (সিসিএস)।

বুধবার (০৪ জুন) সংগঠনটির নির্বাহী পরিচালক পলাশ মাহমুদের পক্ষে এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম আজাদ হোসাইন।

নোটিশে আগামী সাত দিনের মধ্যে মোবাইল ফোন সেবার ব্যয়ের ওপর চলমান ১% সারচার্জ কর্তন বন্ধ করতে অনুরোধ করা হয়েছে। সাত দিনের মধ্যে সারচার্জ কর্তন বন্ধ করা না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সচিব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, গ্রামীণফোন, বাংলালিংক, রবি এবং টেলিটক কর্তৃপক্ষকে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, পদ্মা সেতু নির্মাণের জন্য মোবাইল ফোন সেবা ব্যবহারকারীদের কাছ থেকে মোবাইল সেবার খরচের ওপর ১% সারচার্জ চালু রয়েছে। ২০১৬ সালে ওই সারচার্জ আরোপ করা হয়। এই সারচার্জের মাধ্যমে ভোক্তাদের কাছ থেকে ২,০০০ কোটি টাকার বেশি আদায় করা হয়েছে। নির্মাণ শেষে ২০২২ সালে পদ্মা সেতু উদ্বোধন করা হলেও মোবাইল ফোনে সারচার্জ কর্তন বন্ধ করা হয়নি।

নোটিশে আরও বলা হয়েছে, পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হওয়ায় এবং মেয়াদ নির্দিষ্ট না করে বেআইনিভাবে সারচার্জ আদায়ের মাধ্যমে ভোক্তার স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে।

   

About

Popular Links

x