ঈদ-উল-আজহার ছুটিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এ উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকছে বাংলাদেশ-ভারতের আমদানি-রপ্তানি বাণিজ্য।
বেনাপোল বন্দরের ডেপুটি ডিরেক্টর মামুন কবীর তরফদার বলেন, “৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ঈদ-উল-আজহার সরকারি ছুটি শুরু হয়েছে। পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। তবে এই সময় বেনাপোল বন্দরে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না।”
তিনি আরও বলেন, “ছুটির মধ্যে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বেনাপোল পোর্ট থানাকে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়েছে। ঈদের ছুটি শেষে আগামী ১৫ জুন সকাল থেকে বন্দরের সব ধরনের কার্যক্রম পুনরায় চালু হবে।”
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা বলেন, “ঈদের ছুটিতে বন্দর, কাস্টমস এবং ব্যবসায়ীদের অধিকাংশই নিজ নিজ বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন। ফলে ব্যবসা-বাণিজ্য কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকছে। আমদানিকারকরাও এই সময় পণ্য খালাস গ্রহণ করবেন না।”
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ বলেন, “ছুটির সময়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। প্রতিবছর ঈদের ছুটিতে যাত্রীদের ভিড় বেশি হলেও এবার তেমন চাপ নেই।”



