পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) বাংলাদেশে একটি মিশন শাখা প্রতিষ্ঠা করতে যাচ্ছে। তবে বিষয়টি বর্তমানে খসড়া আলোচনার পর্যায়ে রয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস কোন শর্তে প্রতিষ্ঠিত হবে সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, “এটি এখনও খসড়া পর্যায়ে রয়েছে।”
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আরও বলেন, “খসড়া আলোচনা সম্পন্ন হলে এবং আমরা একটি চূড়ান্ত সম্মত খসড়ায় পৌঁছানোর পর যেখানে একটি শব্দও পরিবর্তন করার প্রয়োজন না হলে, তখন আমরা এটি স্বাক্ষর করব। সেই সময়ে, আমরা আপনাদের বিষয়টির বিস্তারিত জানাতে সক্ষম হব। ততক্ষণ পর্যন্ত, এটি খসড়া আকারে থাকায় এটি নিয়ে আলোচনা না করাই ভালো।”
উপদেষ্টা জানান, বাংলাদেশ এবং ওএইচসিএইচআর খসড়াটিতে চারবার সংশোধনীসহ পরিবর্তন করেছে। ঢাকার সর্বশেষ পরিবর্তনের পর খসড়াটি বর্তমানে ওএইচসিএইচআর-এর পর্যালোচনাধীন রয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশ এবং ওএইচসিএইচআর নীতিগতভাবে তিন বছরের জন্য ঢাকায় অফিস স্থাপনে সম্মত হয়েছে। এর পর্যালোচনা দুই বছর পর পর নির্ধারিত হবে।
এর আগে, গত ২৯ জুন বাংলাদেশে ওএইচসিএইচআর মিশন শাখা খোলার বিষয়টি উপদেষ্টা পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে।
এদিকে, বাংলাদেশে পরবর্তী জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর জন্য প্রস্তাবিত নাম সম্পর্কে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, “আমাদের অনুমোদন (সরকারি সম্মতি) প্রদান করতে হবে। আমরা এখনও অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করিনি। প্রক্রিয়াটি এগিয়ে যাক, তারপর আমরা এ বিষয়ে জানাব।”
বর্তমানে, গোয়েন লুইস ঢাকায় জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।



ঢাকায় দপ্তর স্থাপন করতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন