Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আহতদের চিকিৎসা দিতে ঢাকা আসছে সিঙ্গাপুরের চিকিৎসক দল

যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৩১ বলে দুপুর ২টায় জানিয়েছে আইএসপিআর

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৫:০৫ পিএম

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে আহতদের উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুরের উন্নত চিকিৎসক দল ঢাকায় এসে পৌঁছাবে।

মঙ্গলবার (২২ জুলাই) এ কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মো. আবু জাফর।

তিনি বলেন, ‘‘বর্তমান অন্তবর্তী সরকার মাইলস্টোন স্কুলের আহতদের উন্নত চিকিৎসার জন্য পর্যাপ্ত সব প্রস্তুতির নির্দেশ দিয়েছে। এরই অংশ হিসেবে আমরা সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের প্রথম চিকিৎসক দল আজ (মঙ্গলবার) রাতে ঢাকায় এসে পৌঁছাবে। সিঙ্গাপুরের চিকিৎসক দল বিভিন্ন হাসপাতালে আহতদের পর্যবেক্ষণ করবেন। তারপরে তারা সিদ্ধান্ত দেবেন যে কতজনের উন্নত চিকিৎসার প্রয়োজন হতে পারে।”

তিনি আরও জানান, সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শ ক্রমে যাদের দরকার পড়বে, সবাইকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করবে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও জানান, গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরের দুর্ঘটনার পর পরই প্রধান উপদেষ্টার দপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তরের ডাক্তারদের সমন্বয়ে মেডিকেল টিম গঠন করা হয়েছে। মেডিকেল টিমের সদস্যরা প্রতিটি হাসপাতালে আহতদের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের উন্নত চিকিৎসার জন্য তৎপর রয়েছেন।

তিনি বলেন, ‘‘যেকোনো মূল্যে আহতদের উন্নত চিকিৎসার জন্য সরকারের ওপর মহলের নির্দেশনা রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সেই নির্দেশনা মতে সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। আহতদের চিকিৎসার ক্ষেত্রে কোনো ডাক্তার, নার্স কিংবা সংশ্লিষ্ট কারও কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না।”

এদিকে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও ১৬৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

 

   

About

Popular Links

x