Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

বগুড়ায় কভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২

নন্দীগ্রামের বগুড়া-নাটোর মহাসড়কের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০২:১৪ পিএম

বগুড়ার নন্দীগ্রামে কভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দু’জন নিহত ও তিনজন আহত হয়েছেন।

রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কুন্দারহাট বাজার এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি নির্মল চন্দ্র মহন্ত এসব তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কাথম দক্ষিণপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সিএনজি অটোরিকশা চালক আরাফাত হোসেন (২২) ও একই উপজেলার বিশা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী হাওয়া বেগম (৪৫)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে আরাফাত হোসেন সিএনজি অটোরিকশায় করে নন্দীগ্রাম থেকে এক নারীসহ চার যাত্রী নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাজার এলাকায় মহাসড়কে পৌঁছেন। সেখানে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশা ও ভ্যানকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় বগুড়া ছেড়ে আসা নন্দীগ্রামগামী দ্রুত গতির একটি কভার্ডভ্যান অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক আরাফাত হোসেন ও যাত্রী হাওয়া বেগম মারা যান। আহতদের দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত বলেন, “কভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দু’জন মারা গেছেন। আহত অজ্ঞাত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কভার্ড ভ্যানটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।”

   

About

Popular Links

x