Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাণিজ্যমন্ত্রী: চামড়া শিল্প কাঙ্ক্ষিত পথে এগোয়নি অব্যবস্থাপনার কারণে

সক্ষম ট্যানারিগুলোতে নিজস্ব সিইটিপি স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানান মন্ত্রী

আপডেট : ১৬ মে ২০২৬, ০৮:৪২ পিএম

২০১৭ সালে হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সাভারে স্থানান্তরের পর থেকে বিগত দিনে দেশের সম্ভাবনাময় এই শিল্পখাতের প্রতি যেভাবে অবহেলা করা হয়েছে বা সম্পূর্ণ প্রক্রিয়ার মধ্যে যে অব্যবস্থাপনা ছিল, সেই কারণে চামড়া শিল্প তার কাঙ্ক্ষিত পথে এগোয়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (১৬ মে) দুপুরে ঢাকার সাভারের হরিণধরা এলাকায় অবস্থিত বিসিক চামড়া শিল্পনগরীর কনফারেন্স কক্ষে ট্যানারি মালিক, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস, ফুটওয়্যার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ব্যবসায়ী নেতা ও খাত-সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী। 

সভায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. সাইফুল ইসলামসহ সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক, বিটিএ’সহ খাত-সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা ও অংশীজনরা উপস্থিত ছিলেন। 

এর আগে মতবিনিময় সভা শেষে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে সরেজমিনে চামড়া শিল্পনগরীর সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিইটিপি) পরিদর্শন করেন তিনি।

এছাড়াও মন্ত্রী আরও জানান, কোরবানির ঈদের পর পিক সিজনে সিইটিপিতে ৪৫ হাজার কিউবিক মিটার বর্জ্য পরিশোধনের প্রয়োজন পড়ে, কিন্তু বাস্তবে এই সিইটিপির পরিশোধন সক্ষমতা ১৪ থেকে ১৮ হাজার কিউবিক মিটার, এবং সেটি নির্ভর করে সিইটিপিতে বর্জ্য পৌঁছানোর আগে কারখানা পর্যায়ে এর প্রি-ট্রিটমেন্টের মানের ওপর। 

এই সমস্যা সমাধানে আগামী দিনে সক্ষম ট্যানারিগুলোতে নিজস্ব সিইটিপি স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে জানিয়ে প্রয়োজনে সেখানে সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে বলেও জানান মন্ত্রী। 

এছাড়াও এই শিল্পকে অত্যন্ত সম্ভাবনাময় খাত উল্লেখ করে এটিকে পূর্ণ সক্ষমতায় নিয়ে যেতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথাও জানান তিনি। 

এর আগে মতবিনিময় সভা চলাকালে ব্যবসায়ী নেতারা সিইটিপিসহ এই শিল্পের বিভিন্ন সমস্যার কথা মন্ত্রীর সামনে তুলে ধরেন।

এসময় মতবিনিময় সভায় দেওয়া বক্তব্যে বিটিএ’র সহ-সভাপতি মো. সাখাওয়াত উল্লাহ ঈদ-পরবর্তী ৩ মাস শিল্পনগরীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান। 

পাশাপাশি সরকার-নির্ধারিত মূল্যে চামড়া সংগ্রহের জন্য মাঠ পর্যায়ে যথাযথ উপায়ে চামড়া সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। 

এছাড়াও সভায় শিল্পনগরীতে বিভিন্ন সময় চুরির ঘটনায় নিরাপত্তাজনিত উদ্বেগ জানিয়ে সড়কবাতিসহ রাস্তাঘাট মেরামতের আহ্বান জানান বিটিএ’র সহ-সভাপতি আশিকুর রহমান। 

স্থানীয় বাজারমুখী বা ছোট সাইজের ট্যানারিগুলোর জন্য বিদ্যমান সিইটিপির কারেকশনের পাশাপাশি রপ্তানিমুখী কারখানাগুলোর জন্য নতুন করে একটি পূর্ণ সক্ষমতার সিইটিপি নির্মাণের দাবি জানান বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মো. ইমাম হোসাইন। 

মতবিনিময় সভায় ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওয়েস্টেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম শাহনেওয়াজ সিইটিপির ডিজাইনে ত্রুটি, যার মধ্যে সেন্ট্রাল সেডিমেন্টেশন ব্যবস্থা, টারশিয়ারি ট্রিটমেন্ট, ক্রোম রিকভারি ব্যবস্থার অনুপস্থিতির কথা উল্লেখ করেন। 

এসময় সামগ্রিকভাবে এই খাতের উন্নয়ন, স্কিল বিল্ডিং ও ডিজাইন ইমপ্রুভমেন্টের জন্য সাভারেই একটি বিশ্বমানের সেন্টার তৈরি করার কথা জানান মন্ত্রী। 

   

About

Popular Links

x