আগামী অর্থবছরের জাতীয় বাজেটে বিড়ির মূল্য এবং করহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
সংরক্ষিত নারী আসন-৩ এর সংসদ সদস্য রাশেদা বেগম হীরার এক সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সরকারের এই অবস্থান পরিষ্কার করেন।
সংসদ সদস্য রাশেদা বেগম হীরা তার প্রশ্নে জানতে চেয়েছিলেন, তামাকের ওপর সুনির্দিষ্ট হারে কর বৃদ্ধি, যেমন বিড়ির খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রেখে ২০ শলাকা বিড়ির খুচরা মূল্য আরও বৃদ্ধি করে অধিক সম্পূরক শুল্ক এবং সুনির্দিষ্ট কর আরোপ করা হবে কিনা?
সংসদ সদস্যের এই প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আসন্ন বাজেটে বিড়ির ক্ষেত্রে মূল্য এবং করহার পূর্ববর্তী বছরের ন্যায় সম্পূর্ণ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফলে নতুন অর্থবছরে বিড়ির দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই।
উল্লেখ্য, এবারের বাজেটে সিগারেটের ফিল্টার তৈরির উপকরণ ও নিকোটিন আমদানিতে ৩০০ শতাংশ শুল্ক বাড়ানোর মতো কঠোর পদক্ষেপের পরিকল্পনা থাকলেও, প্রান্তিক জনগোষ্ঠীর সস্তা তামাকজাত পণ্য বিড়ির ক্ষেত্রে করের চাপ না বাড়িয়ে তা আগের অবস্থানেই রাখছে সরকার।



