দেশের সরকারি হাসপাতালগুলোর দীর্ঘদিনের শূন্যপদ পূরণ এবং জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে বড় ধরনের নিয়োগের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “অবিলম্বে ৫,০০০ এমবিবিএস চিকিৎসক নিয়োগের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। একই সঙ্গে দেশব্যাপী মানসম্মত ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন করে আরও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে।”
নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নের বিষয়টি মাথায় রেখে এই বিশাল নিয়োগের ৮০ শতাংশই নারী কর্মী থেকে পূরণ করা হবে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী জানান, এছাড়া নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের অংশ হিসেবে ব্যাচেলর ও মাস্টার্স কোর্সের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে।
শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয়-বৈদেশিক চাহিদা পূরণের লক্ষ্যে ৪ মাস মেয়াদি জেনারেল কেয়ারগিভার প্রশিক্ষণ কার্যক্রমও চালু করেছে সরকার বলে জানান তিনি ।



