Thursday, June 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় যাবে ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা

মাত্র ২ বছরের ব্যবধানে সরকারি বেতন-ভাতা খাতে বার্ষিক খরচ প্রায় ২০ হাজার কোটি টাকা বৃদ্ধি পাচ্ছে

আপডেট : ১১ জুন ২০২৬, ০৫:১১ পিএম

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট থেকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতায় যাবে মোট ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা। 

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় এই ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রয় আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দিয়েছেন তিনি।

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা খাতে এ বরাদ্দ চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৫.৪৭% বা ৪ হাজার ৬৪১ কোটি টাকা বেশি।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে সরকারি চাকুরিজীবীদের বেতন-ভাতায় বরাদ্দ রাখা হয়েছিল ৮৪ হাজার ১১৪ কোটি টাকা। তবে বছর শেষে সংশোধিত বাজেটে তা কিছুটা বেড়ে দাঁড়ায় ৮৪ হাজার ৭৩৯ কোটি টাকায়। সেই তুলনায় আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে ৪ হাজার ৬৪১ কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হচ্ছে।

এর আগে, ২০২৪-২৫ অর্থবছরের প্রকৃত হিসাব অনুযায়ী, এই খাতে খরচের পরিমাণ ছিল ৬৯ হাজার ৪২৩ কোটি টাকা। মাত্র দুই বছরের ব্যবধানে সরকারি বেতন-ভাতা খাতে বার্ষিক খরচ প্রায় ২০ হাজার কোটি টাকা বৃদ্ধি পাচ্ছে।

নতুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর্মকর্তাদের বেতনের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৩ হাজার ৮৭৪ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল ১২ হাজার ৯২৭ কোটি টাকা। অর্থাৎ কর্মকর্তাদের বেতন খাতে বরাদ্দ বাড়ছে ৯৪৭ কোটি টাকা।

একইসঙ্গে, প্রতিষ্ঠান কর্মচারীদের বেতন বাবদ বরাদ্দ বাড়িয়ে ৩০ হাজার ৬৭১ কোটি টাকা করা হয়েছে, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল ২৯ হাজার ১৭০ কোটি টাকা। এই উপখাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে ১ হাজার ৫০১ কোটি টাকা।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতির চাপ এবং সরকারি চাকরিতে নতুন জনবল নিয়োগের ধারাবাহিকতায় প্রতি বছরই এই খাতে বরাদ্দ বাড়াতে হচ্ছে। বাজেট দলিলের সামগ্রিক পরিচালন ব্যয় বিশ্লেষণ করলে দেখা যায়, সরকারের মোট প্রস্তাবিত আবর্তক ব্যয় ৫ লাখ ৫১ হাজার ৮৭ কোটি টাকা। এর মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতাদি পরিশোধ করতে প্রায় ১৬.২% অর্থই ব্যয় হবে। 

   

About

Popular Links

x