এবারের বাজেটে কিডনি ও ডায়ালাইসিস রোগীদের চিকিৎসায় অপরিহার্য সামগ্রী “ডায়ালাইসিস ফিল্টার” আমদানিতে সব ধরনের শুল্ক-কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে এই প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী।
এতে প্রতিটি ডায়ালাইসিসের খরচ প্রায় ৮০০ টাকা পর্যন্ত কমে আসবে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “দেশের বিপুল সংখ্যক কিডনি রোগে আক্রান্ত মানুষের জীবন বাঁচাতে এবং ডায়ালাইসিস প্রক্রিয়া সচল রাখতে ডায়ালাইসিস ফিল্টার একটি সংবেদনশীল ও অপরিহার্য চিকিৎসাসামগ্রী। বর্তমানে এই চিকিৎসা উপকরণ আমদানির ক্ষেত্রে উচ্চ করভার থাকায় গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসাক্ষেত্রে অতিরিক্ত ব্যয়ের সৃষ্টি হচ্ছে।”
অর্থমন্ত্রী আরো বলেন, “রোগীদের দুর্ভোগ ও ব্যয় কমাতে ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে আরোপিত বিদ্যমান ১৫% মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ৫ শতাংশ অগ্রিম আয়কর সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করছি।”



