হরমুজ প্রণালি পার হয়ে উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা আরও কয়েকটি তেলবাহী ট্যাংকার রওনা হতে যাচ্ছে এমন ইঙ্গিত পাওয়ার পর তেলের দাম আরও কমেছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বুধবার (২৪ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গত চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৩৭ সেন্ট কমে ৭৬.৭১ ডলারে নেমে এসেছে। অন্যদিকে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৩৬ সেন্ট কমে ৭২.৮৫ ডলারে দাঁড়িয়েছে।
হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার লক্ষণ দেখা যাওয়ায় বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা কমেছে। এর ফলে তেলের দাম টানা নিম্নমুখী রয়েছে।
মিৎসুবিশি ইউএফজে রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের সিনিয়র ইকোনমিস্ট তোমোমিচি আকুতা বলেন, “যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনের আশা এবং হরমুজ প্রণালি দিয়ে পুনরায় তেল সরবরাহ শুরু হওয়ার কারণে অপরিশোধিত তেলের বাজারে এই নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা যদি আরও ইতিবাচকভাবে এগোয়, তবে তেলের দাম যুদ্ধপূর্ববর্তী অবস্থায় ফিরে যেতে পারে।”
জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী, উপসাগরে আটকে থাকা তিনটি সুপারট্যাংকার মঙ্গলবার হরমুজ প্রণালি পার হয়েছে।
জাতিসংঘ শিপিং এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির পর সেখানে আটকে থাকা ১১ হাজার নাবিকসহ শত শত জাহাজ নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে। ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রতিদিন সীমিত সংখ্যার জাহাজ পার হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। এর প্রভাব পড়েছে তেলের বাজারে।



