সাধারণ গ্রাহকদের ঋণপ্রাপ্তি সহজ করার লক্ষ্যে ব্যক্তি পর্যায়ে ঋণ পরিশোধের সর্বোচ্চ মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ৮ বছর করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে ভোগ ব্যয় বাড়াতে ব্যাংকগুলো বছরে কী পরিমাণ ঋণ ব্যক্তি খাতে দিতে পারবে সেই সীমাও তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২৫ জুন) কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে নতুন নির্দেশনায় জানিয়েছে, এখন থেকে ভোক্তা খাতে ঋণ বিতরণের ক্ষেত্রে ব্যাংকগুলোর কোনো সীমা থাকবে না।
এর আগে, ২০১৭ সালে ভোক্তা ঋণ বিতরণে ব্যাংকগুলোকে একটি সীমা ঠিক করে দেয় বাংলাদেশ ব্যাংক। সে নিয়ম অনুযায়ী, ব্যাংকের মোট ঋণের প্রবৃদ্ধির চেয়ে ভোক্তা ঋণের প্রবৃদ্ধির হার কোনোভাবেই বেশি হওয়ার সুযোগ ছিল না। সে সিদ্ধান্ত এখন তুলে নেওয়া হলো।
তবে ব্যক্তি পর্যায়ে দেওয়া ভোক্তা ঋণের সীমায় কোনো পরিবর্তন আনা হয়নি।
একইসঙ্গে ভোক্তা ঋণের মেয়াদ ৮ বছরের বেশি হবে না বলে সার্কুলারে বলা হয়েছে। আগে এ মেয়াদ ছিল ৫ বছর। তবে আবাসন ও গৃহনির্মাণ খাতে এ ঋণের মেয়াদ বেশি।
এর আগে, বিদ্যুৎচালিত গাড়ি কেনা উৎসাহিত করতে ৫ মে বিদ্যুৎচালিত ও হাইব্রিড গাড়ি কেনার ক্ষেত্রে ব্যক্তির ঋণ সীমা বাড়িয়ে দেয় বাংলাদেশ ব্যাংক।
সেমময় বিদ্যুৎচালিত ও হাইব্রিড যানবাহন ক্রয়ে ২০ লাখ টাকা বাড়িয়ে সর্বোচ্চ ৮০ লাখ টাকা ঋণ দেওয়ার সুযোগ দেওয়া হয়। এ খাতে ঋণ-বিনিয়োগ অনুপাত করা হয় ৮০:২০ শতাংশ। আগে যা ছিল ৬০:৪০ শতাংশ।



