Tuesday, July 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

তথ্যপ্রযুক্তি মন্ত্রী: টেলিটক বিক্রি করা হবে না

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ নিয়ে সিদ্ধান্ত মামলা নিষ্পত্তির পর

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৫:১১ পিএম

টেলিটক বিক্রি করা হচ্ছে না। রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক কিনতে বা অংশীদার হতে কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করলেও সরকার প্রতিষ্ঠানটি বিক্রি না করে আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেবে।

মঙ্গলবার (৭ জুলাই) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম তথ্যপ্রযুক্তি খাতের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “বিভিন্ন প্রতিষ্ঠান টেলিটক কিনতে আগ্রহ দেখিয়েছে। কিন্তু আমরা বিক্রি করব না। আমরা টেলিটককে আপগ্রেড করব। প্রতিযোগিতামূলক এই বাজারে রাষ্ট্রীয় অপারেটরের উপস্থিতি প্রয়োজন।”

সম্প্রতি বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংকের মূল কোম্পানি ভিওন রাষ্ট্রায়ত্ত দুটি কোম্পানি টেলিটক ও বিটিসিএলের সঙ্গে অংশীদারত্বে কাজ করার প্রস্তাব দেয় সরকারকে।

মোবাইল অপারেটর টেলিটককে বাংলালিংকের সঙ্গে একীভূত করার প্রস্তাবও দেওয়া হয়। পাশাপাশি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ কিনে নেওয়ার বা বিনিয়োগের আগ্রহ দেখায় ভিওন।

নগদ বিক্রির বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “নগদ নিয়ে মামলা রয়েছে। মামলার নিষ্পত্তির পর সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

নগদ থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত প্রসঙ্গে ফকির মাহবুব আনাম জানান, বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) দেখছে। তিনি বলেন, “একবার মানুষের পকেটের টাকা চলে গেলে তা উদ্ধার করা খুবই কঠিন।”

প্রসঙ্গত, গত ২৯ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ভিওনের চেয়ারম্যান অগি কে ফাবেলা বাংলাদেশে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে সহায়তার প্রতিশ্রুতি দেন। এর মধ্যে ভিওন নিজেই ২৫ কোটি ডলার (প্রায় ৩ হাজার ৮১ কোটি টাকা) বিনিয়োগ করবে এবং বাকি অর্থ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে আনতে কাজ করবে বলে জানানো হয়।

   

About

Popular Links

x