আইসিটি বিভাগের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশের ডিজিটাল ইনসিওরেন্স সার্ভিস প্ল্যাটফর্ম বিমাফাই নামক স্টার্টআপে বিনিয়োগ করেছে।
বিমাফাই বাংলাদেশে গ্রাহকদের অনলাইন প্ল্যাটফর্ম'র মাধ্যমে বিভিন্ন ধরনের ইনস্যুরেন্স সার্ভিস দিয়ে থাকে।
১ কোটি টাকা বিনিয়োগের জন্য ঢাকায় প্রতিষ্ঠান দুটির মধ্যে বুধবার (৭ ডিসেম্বর) একটি চুক্তি সই হয়।
স্টার্টআপ বাংলাদেশের বোর্ড'র চেয়ারম্যান ও আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের উপস্থিতিতে ঢাকার গুলশানে স্টার্টআপ বাংলাদেশ কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
স্টার্টআপ বাংলাদেশের বোর্ড সদস্য লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ-সহ কোম্পানির হেড অব পোর্টফোলিও (বিনিয়োগ) হাসান এ. আরিফ, বিমাফাই-এর চেয়ারম্যান অর্ণভ পাল, সিইও আলভী নিজাম নাফিসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২০১৯ সাল থেকে বিমা খাতে গ্রাহক সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিমা সুবিধার ডিজিটালাইজেশন নিয়ে কাজ করছে বিমাফাই। বিমাফাই অ্যাপ ও ওয়েবসাইট থেকে গ্রাহক স্বাস্থ্য-বিমা, দুর্ঘটনা-বিমা, ভ্রমণ-বিমা ও মোটর-বিমা-সহ অন্যান্য বিমা পলিসি পছন্দের বিমা কোম্পানি থেকে বাছাই করে কিনতে পারছেন।
এ পর্যন্ত প্রায় চার লাখেরও বেশি গ্রাহককে ডিজিটাল বিমা সেবা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য-বিমার দাবি নিষ্পত্তিতে উদাহরণ তৈরি করেছে বিমাফাই।
আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশে স্টার্টআপরা যেসব প্রযুক্তিভিত্তিক সমাধান নিয়ে এগিয়ে আসছে, স্মার্ট বাংলাদেশ ভিশনকে বাস্তবায়িত করতে তা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
এসব উদ্ভাবনী স্টার্টআপদের সহায়তা প্রদান করার লক্ষ্যে সরকার স্টার্টআপ বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি গঠন করেছে। এই বিনিয়োগের মাধ্যমে বিমাফাই ইন্ডাস্ট্রিতে উল্লেখযোগ্য এবং ইতিবাচক প্রভাব ফেলবে।



