বাংলাদেশ ব্যাংকে এক মাসের বেশি সময় ধরে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না-এর প্রতিবাদে বুধবার (৮মে) বাংলাদেশ ব্যাংক আয়োজিত সংবাদ সম্মেলন বর্জন করেছে সাংবাদিকেরা। বুধবার (৮ মে) দুপুর আড়াইটায় কেন্দ্রীয় ব্যাংকের ডাকা জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে প্রায় শতাধিক সংবাদকর্মী প্রোগ্রামটি বর্জন করেন।
দেশের ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধাসহ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একাধিবার বৈঠক ও চিঠি চালাচালি করেও কোনো সুরাহা হয়নি। এমন পরিস্থিতিতে গণমাধ্যমে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন বর্জন করেন সংবাদকর্মীরা/সংগৃহীত।
সংবাদ সম্মেলন বর্জন করে বাংলাদেশ ব্যাংকের মূল ফটকের সামনে তাৎক্ষণিক ব্রিফিংয়ে ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেম জানান, সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। এই দায়িত্ব পালনে যে প্রতিষ্ঠান বাধাগ্রস্ত করছে তাদের সংবাদ সম্মেলন স্বতঃস্ফূর্তভাবে সংবাদকর্মীরা বয়কট করেছে।
এর আগে সাংবাদিকদের তথ্য সংগ্রহ ও বাংলাদেশ ব্যাংকে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিতে দাবি জানানো হয়।
ইতোমধ্যে এ ঘটনায় আন্তর্জাতিক সংস্থা টিআইবি, নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ, ইআরএফ, ডিআরইউ, ডিইউজে, বিএফআইউজে নিন্দা জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে এমন অলিখিত এ নিষেধাজ্ঞা স্বাধীন সাংবাদিকতা, গণতন্ত্র এবং মৌলিক ও সাংবিধানিক অধিকারের পরিপন্থি বলে বিবৃতি দিয়েছে।



