ভারতের ডিজিটাল লেনদেনে মাইলফলক অর্জন করেছে দেশটির নিজস্ব পেমেন্ট সিস্টেম ইউনিভায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই)।
সর্বশেষ হিসাব অনুযায়ী, এই পেমেন্ট সিস্টেমে দৈনিক ৬৫ কোটি রুপির বেশি লেনদেন হচ্ছে। অপরদিকে, ভিসা কার্ডে দৈনিক লেনদেন হয় ৬৩ কোটি ৯০ লাখ রুপি। দৈনিক লেনদেনের দৌড়ে ভিসার তুলনায় অনেকটাই এগিয়ে গেছে ইউপিআই। মাত্র ৯ বছরে ইউপিআই টপকে গেল জনপ্রিয় ভিসা কার্ডকে।
সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, বর্তমানে বিশ্বজুড়ে ২০০টিরও বেশি দেশে ভিসা কার্ড ব্যবহৃত হয়। আর ইউপিআই ব্যবহার হচ্ছে মাত্র ৭টি দেশে। কিন্তু, তা সত্ত্বেও এই দুর্দান্ত সাফল্য পেয়েছে পেমেন্ট সিস্টেমটি।
ভারতে পেমেন্ট ইকোসিস্টেমে একটি যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে ইউপিআই। হু হু করে বাড়ছে ইউপিআই ব্যবহারকারীর সংখ্যা। পেমেন্ট করার ক্ষেত্রে গ্রাহকদের একটি বড় অংশ এই নগদহীন লেনদেনের বিকল্পটিকেই বেশি পছন্দ করছেন।
বিশেষজ্ঞরা বলছেন, এই মাধ্যম ব্যবহার সহজ ও ঝামেলাহীন। শুধু স্মার্টফোন ও ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই ইউপিআই ব্যবহার করা যায়। বিভিন্ন ব্যাংকেও টাকা ট্রান্সফার করা যায় কয়েক সেকেন্ডে।
এখন পর্যন্ত ভারতের ইউপিআই একমাত্র পেমেন্ট ইকোসিস্টেম যেখানে ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল অ্যাপ, কিউআর কোড, ফোন নম্বর, এমনকি শুধু নাম দিয়েও টাকা পাঠানো যায়। এর ফলে শহরের নিম্ন আয়ের ও গ্রামীণ মানুষদেরও এতে অন্তর্ভুক্ত করা গেছে। ক্ষুদ ব্যবসায়ী থেকে শুরু করে ভ্যানচালক বা চা বিক্রেতারাও এখন ইউপিআই ব্যবহার করছে। এতে নগদ টাকায় লেনদেনের নির্ভরতা হ্রাস পেয়েছে।
ইউপিআই এখন ভারত সীমা ছাড়িয়ে গেছে। এটি এরইমধ্যে নেপাল, ভুটানে চালু হয়েছে। সিঙ্গাপুরের পে-নাউ-এর সঙ্গে এটি যুক্ত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে এনআইপিএল এবং মাশরুক-এর সঙ্গে অংশীদারের ভিত্তিতে কাজ করছে। শিগগিরই যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাপানে ইউপিআই চালু করার পরিকল্পনা করা হচ্ছে।
এনপিসিআইয়ের প্রধান নির্বাহী দিলীপ বলেন, “ইউপিআই ভারতের ডিজিটাল অর্থনীতির মেরুদণ্ড। আগামী পাঁচ বছরে একে ১০টি বড় দেশের পেমেন্ট সিস্টেমে রূপান্তরিত করার লক্ষ নিয়ে কাজ করা হচ্ছে।”
তিনি জানান, উন্নত নিরাপত্তা ব্যবস্থার জন্য ইউপিআই ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক নিরাপত্তা যুক্ত করা হচ্ছে। স্মার্টফোন ছাড়াও লেনদেনের জন্য অফলাইন ইউপিআই ও হাই-টেক ফিচার ফোন লেনদেন ব্যবস্থা চালু হতে যাচ্ছে।
আন্তর্জাতিক আর্থিক সংস্থা (আইএমএফ) সম্প্রতি এক রিপোর্টে জানিয়েছে, ভারতের ইউপিআই শুধু একটি দেশীয় পেমেন্ট সিস্টেম নয়, এটি উন্নয়নশীল দেশগুলির জন্য ডিজিটাল অর্থনীতির একটি মডেল।



