Thursday, August 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

একাদশে ভর্তির আবেদন কবে থেকে, ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ জানাল বোর্ড

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরই চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হবে

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৮:০৪ পিএম

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ শুরুর পরিকল্পনা করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটি। প্রস্তাব অনুযায়ী, ১০ নভেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করে ১২ নভেম্বর থেকে ক্লাস শুরু করার সম্ভাবনা রয়েছে।

এ সংক্রান্ত প্রস্তাবনা আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরই চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হবে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রস্তাব অনুযায়ী ১৫ সেপ্টেম্বর থেকে ভর্তির আবেদন শুরু হবে। এরপর ধাপে ধাপে মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন, নিশ্চয়ন ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ১০ নভেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ১২ নভেম্বর থেকে শুরু হবে একাদশ শ্রেণির পাঠদান।

গত ১০ আগস্ট প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা যায়, এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। ফলে প্রায় সাত লাখ শিক্ষার্থী এবার উচ্চমাধ্যমিকে ভর্তির যোগ্যতা অর্জন করতে পারেনি।

অন্যদিকে সারাদেশে কলেজ ও মাদ্রাসা মিলিয়ে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২৫ লাখ। ফলে সামগ্রিকভাবে আসন সংকট না থাকলেও মানসম্মত ও জনপ্রিয় প্রতিষ্ঠানগুলোতে আসন সীমিত থাকায় প্রতিযোগিতা তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে।

 

 

 

 

 

 

এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ১৬ হাজারের বেশি শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, যার মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডেই পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন। তবে জিপিএ-৫ পেলেও সবাই পছন্দের কলেজে ভর্তির সুযোগ পাবে না, কারণ দেশের স্বনামধন্য কলেজগুলোর আসনসংখ্যা তুলনামূলকভাবে সীমিত।

   

About

Popular Links

x