ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটির (ডিইউটিএস) ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সুদীপ্ত মজুমদার বাঁধন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. শামিত আনাম।
শুক্রবার (২৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডিইউটিএসের উপদেষ্টা ও অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইশতিয়াক মঈন সৈয়দ, ছাত্র উপদেষ্টা মো. সাঈদ হাসান ও সায়মা শাহরিয়ার রহিতি।
নবনির্বাচিত সভাপতি সুদীপ্ত মজুমদার বাঁধন বলেন, "ভ্রমণ আমাদের শুধু নতুন জায়গার সঙ্গে পরিচয় করায় না, শেখায় নতুন অভিজ্ঞতা, ভিন্ন সংস্কৃতি ও দলগত জীবনের মূল্যবোধ। ডিইউটিএস সবসময়ই ‘এক্সপ্লোর, লার্ন অ্যান্ড শেয়ার’ মূলমন্ত্রে বিশ্বাস করে। আশা করি, সবার সহযোগিতায় এই সংগঠনকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারব।"
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. শামিত আনাম বলেন, "বাংলাদেশের পর্যটনশিল্পের টেকসই বিকাশের জন্য সামাজিক সচেতনতা ও সুস্থ ভ্রমণ পরিবেশ গড়ে তোলা জরুরি। আমাদের ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতিকে নতুন দৃষ্টিভঙ্গি ও অভিনব কর্মপদ্ধতির মাধ্যমে জাতীয় সম্পদে রূপান্তর করাই হবে আমার নেতৃত্বের প্রধান অঙ্গীকার।"



