গাজীপুরের বাসা থেকে বের হয়ে নিখোঁজের তিনদিন পর শালবনের ভেতর থেকে পোশাক কর্মকর্তা মশিউর রহমানের (৫০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা এলাকার শালবন ভেতর থেকে ওই কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার সকালে কালিয়াকৈর উপজেলার গলাচিপা এলাকার শালবনের ভেতরে এক ব্যক্তি ছাগল চরাতে যান। বনের ভেতর গলায় রশি প্যাঁচানো অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে তিনি এলাকাবাসীকে জানান। খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহত মশিউর রহমান রংপুরের গঙ্গাচড়া উপজেলার রাজবল্লভ গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর রাজেন্দ্রপুর এলাকায় স্ত্রী-সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। কালিয়াকৈরের একটি পোশাক কারখানায় জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে কর্মরত ছিলেন তিনি।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কারখানার উদ্দেশে বাসা থেকে বের হন পোশাক কর্মকর্তা মশিউর রহমান। ওইদিন রাতে তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পুলিশ জানায়, মরদেহের পরনে থাকা প্যান্টের পকেট থেকে একটি মোবাইল ফোন এবং মরদেহের পাশে একটি লাল টি-শার্ট ও কীটনাশক উদ্ধার করা হয়। মোবাইল ফোনের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। গলায় রশি প্যাঁচানো অবস্থায় মরদেহ মাটিতে বসা অবস্থায় থাকায় ঘটনাটি হত্যা না আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, পুলিশ নিশ্চিত করতে পারেনি।
কালিয়াকৈর থানার ওসি রবিউল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



