Monday, August 31, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৪:২৬ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ (ফাইনাল) পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৫ দশমিক ১০ শতাংশ।

সোমবার (৩১ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। এবারের পরীক্ষায় মোট ৩১টি বিষয়ে দেশের ৮৮১টি কলেজের ২ লাখ ৩২ হাজার ৬২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আজ বিকেল ৫টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল রেজাল্ট পোর্টালে এই ফলাফল পাওয়া যাবে। এ ছাড়া শিক্ষার্থীদের চার বছরের অর্জিত সমন্বিত ফলাফল (সিজিপিএ) অতিসত্বর প্রকাশ করা হবে বলেও জানানো হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসংগতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন কিংবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার পূর্ণ ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল রেজাল্ট পোর্টাল (https://results.nu.ac.bd/) থেকে ‘Honours 4th Year’ অপশনে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফলাফল দেখতে পারবেন।

এছাড়া মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে NU H4 Registration No টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে এসএমএসের মাধ্যমেও দ্রুত ফলাফল জানা যাবে। (উদাহরণ: NU H4 12345678901)

   

About

Popular Links

x